পিউ পোদ্দার, চুঁচুড়াঃ হুগলী (Hooghly) মানেই ঐতিহ্য, সংস্কৃতি, সংগ্রাম, চাষাবাদের জেলা। একদিকে যেমন আছে কামারপুকুর, তারকেশ্বর, অন্যদিকে রয়েছে শাতাব্দি প্রাচীন ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির। তেমনই আছে সিঙ্গুর, যেখানে একদিকে যেমন আলুর চাষ হয়, তেমনই এক সময় রাজ্যের রাজনীতি ছিল এই অঞ্চল। টাটার কারখানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম সবই দেখেছে। অনেকেই বলেন, সিঙ্গুর আন্দোলন থেকেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে বসার ব্লু-প্রিন্ট তৈরি হয়েছিল। তবে, এখন এসব অতীত। সিঙ্গুরে হয়নি ন্যানোর কারখানা। আর না সেই জমিতে এখন চাষাবাদ হয়। তবে এখনও সিঙ্গুরের মানুষ নিজের এলাকায় শিল্প নিয়ে আশাবাদী।
তবে আজ সিঙ্গুরের কথা হচ্ছে না, আজ হচ্ছে হুগলী জেলার চুঁচুড়া বিধানসভা কেন্দ্র নিয়ে। যেখানে একদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন সুবীর নাগ। এছাড়াও বামফ্রন্টের প্রার্থী সুনীল সাহা। তিন জনই নিজেদের জয় নিয়ে আশাবাদী।
২০২১ এর নির্বাচনে চুঁচুড়া কেন্দ্রে তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন অসিত মজুমদার। তবে এবার দল তাঁকে টিকিট দেয়নি। ওদিকে বিজেপির প্রার্থী হয়েছিলেন তৎকালীন হুগলী জেলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে তিনি সেবার দাঁত ফোঁটাতে পারেন নি। এবার অসিত বনাম লকেট নয়, এবার চুঁচুড়াবাসী দেখবেন দেবাংশু বনাম সুবীরের লড়াই।
প্রার্থী নিয়ে অসন্তোষ!
তবে প্রার্থী ঘোষণার পর তৃণমূল, বিজেপি দুই দলেই দেখা গিয়েছিল অসন্তোষ। বিদায়ী বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেয়ে গোসা করেছিলেন, এমনকি তিনি দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন। তবে এখন সেসব অতীত। অসিত মজুমদার নিজে দাঁড়িয়েই দেবাংশুর হয়ে প্রচার করছেন। এমনকি দেবাংশু মনোনয়ন জমা দেওয়ার সময় চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে নিয়ে গিয়েছিলেন। এর থেকেই বোঝা যায় যে, দুজনের মধ্যে সখ্যতা অনেকটাই গড়ে উঠেছে।
এদিকে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পরেও দলের মধ্যে এক চাপা অসন্তোষ দেখা গিয়েছে। গ্রাউন্ড রিপোর্ট বলছে, বিজেপির অনেকেই সুবীর নাগকে মেনে নিতে পারেনি। তাই তাঁরা এবার প্রচারেও থাকছে না। যদিও সুবীর নাগ এসবে পাত্তা দিতে নারাজ। আর এই অসন্তোষের মধ্যেই জল্পনা উঠছে যে, আগামী কয়েক দিনের মধ্যেই চুঁচুড়া বিধানসভায় বিজেপিতে বড়সড় ধস দেখা দিতে পারে।
অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগদান?
গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চুঁচুড়া বিজেপির এক বড় মাপের নেতা ও তাঁর অনুগামীরা তৃণমূলে যোগ দিতে পারেন। আর এই নিয়ে কথাও হয়ে গিয়েছে বলে খবর। এমনকি এই মেগা যোগদান পর্বে একটি বিশাল বাইক মিছিলও হতে পারে। তবে, কোন নেতা আর ঠিক কবে যোগদান করবেন, তা এখনও অবধি পরিস্কার নয়। কিন্তু এটা পরিস্কার যে, আগামী দিনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র একটি বড়সড় দলবদল দেখতে চলেছে।
আর এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে চুঁচুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগের জয় আরও কঠিন হতে চলেছে। পাশাপাশি প্রথমবার বিধানসভার নির্বাচনে অংশ নেওয়া দেবাংশু ভট্টাচার্যের মুখে যে চওড়া হাসি ফুটবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।












