সৌভিক মুখার্জী, কলকাতা: পরিবর্তন চেয়েছিল মানুষ। তাই-ই হয়েছে। দীর্ঘ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একপেশে হারিয়ে বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে বিজেপি (Bharatiya Janata Party)। ২০৭ আসন নিয়ে বাংলায় এখন ‘ডবল ইঞ্জিন’ সরকার। তবে বিজেপি ক্ষমতায় আসার আগে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী একাধিক প্রকল্প চালু করার কথা রয়েছে। পাশাপাশি বাড়ানোর কথা রয়েছে ভাতাও। কোন কোন জনকল্যাণমূলক প্রকল্পের (Government Scheme) সুবিধা মিলবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে। কবে থেকেই বা মিলবে প্রকল্পগুলির সুবিধা? জানুন।
অন্নপূর্ণা ভাণ্ডার
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার কথা। এমনকি এই প্রকল্পে ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সরকার গঠন হলে মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি এই প্রকল্প মহিলাদের জন্য চালু হবে। যার ফলে মহিলারা এই প্রকল্পে দ্বিগুণ অর্থ হাতে পাবে।
যুবশক্তির ভরসা
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের এক মাস আগেই চালু করেছিল যুবসাথী প্রকল্প। যেখানে বেকারদের মাসে ১৫০০ টাকা করে দেওয়া হচ্ছিল। তবে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী, সেই প্রকল্পের ভাতা ৩০০০ টাকা করা হবে। এখন সরকার গঠন হলে এই প্রকল্প শুরু হবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে এখানে ২১ থেকে ৪০ বছর বয়সী বেকাররা শুধুমাত্র সুবিধা পাবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা
বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারের মাথার উপর একটি করে পাকা ছাদ তৈরি হবে। কেন্দ্রের তরফ থেকে চালু রয়েছে এই প্রকল্প। আর বাংলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘বাংলার বাড়ি’ নামেও এই প্রকল্প চালাতেন। তবে ইতিমধ্যেই শহর ও গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষের মাথার উপর পাকা ছাদ তৈরি করা হয়েছে। তাই বাকিটা বিজেপি করবে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।
আয়ুষ্মান ভারত
এই প্রকল্পে কেন্দ্র সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলি প্রতিবছর ৫ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা সুরক্ষা পান। প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলার মহিলারা এখন নিরাপদ পরিবেশ আর যুবকরাও কর্মসংস্থান পাবেন। তাই অনুমান করা হচ্ছে যে, মন্ত্রিসভা গঠনের পরেই এই প্রকল্পের সবুজ সংকেত দেওয়া হবে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য সাথী প্রকল্পের ধাঁচেই কাজ করবে এই প্রকল্প।
স্কুলের বাচ্চাদের জন্য প্রকল্প
রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চালু ছিল কন্যাশ্রী। যেখানে মেয়েদের শিক্ষার খরচ দেওয়া হত রাজ্যের তরফ থেকে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর কলেজের পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় সুবিধা পেত। তবে বিজেপি ক্ষমতায় এলে নতুন কোনও প্রকল্প চালু করা হতে পারে।
আরও পড়ুন: নতুন পশ্চিমবঙ্গ সরকার গঠনের রাস্তা সাফ! রাজ্যপালকে নোটিশ কমিশনের
প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্প
এই প্রকল্পটি কেন্দ্র সরকারের তরফ থেকে চালু করা। তবে এটি বাংলায় বাস্তবায়িত হলে আর্থিক সহায়তা এবং বিমা সুবিধা পাবে মৎস্যজীবীরা। রাজ্যে সমুদ্রসাথী প্রকল্পে ইতিমধ্যেই মৎস্যজীবীরা সুবিধা পান। সেখানে এককালীন ৫০ হাজার টাকা সুরক্ষার একটি কার্ড দেওয়া হয়। তবে এখন দেখার, বিজেপি সরকার গঠন করলে এই প্রকল্প কীভাবে বাস্তবায়িত হয়।










