৯ মে ব্রিগেডে শপথগ্রহণ, কে হবেন মুখ্যমন্ত্রী? জানিয়ে দিল বিজেপি

Published:

Bharatiya Janata Party

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ৯ মে, অর্থাৎ ২৫ বৈশাখ নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে বাংলা। দীর্ঘ ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবার বিপুল ব্যবধানে পরাজিত করেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। সেই সূত্রে এবার সরকার গঠনের পথে বিজেপি। তবে আজ দলের তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হল, আগামী ৯ তারিখ শনিবার নতুন মুখ্যমন্ত্রী (Chief Minister) শপথগ্রহণ করবেন। এমনকি কোথায় এই শপথগ্রহণ হবে সেই ঠিকানাও দিয়ে দেওয়া হল।

৯ তারিখ শপথগ্রহণ

বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, আগামী ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথগ্রহণ হবে। সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক ও অন্যান্য মন্ত্রীরা শপথ নেবেন। সকাল দশটা থেকেই অনুষ্ঠান শুরু হবে। আর সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের। কে হবেন মুখ্যমন্ত্রী তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারণ বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়নি।

যদিও মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত, রুপা গাঙ্গুলী, দিলীপ ঘোষ থেকে শুরু করে প্রমুখ। এর আগে নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছিলেন যে, আগামী ২৫ বৈশাখই বাংলায় নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ নেবেন। সেই মতোই দলের তরফ থেকে এবার জানিয়ে দেওয়া হল যে এই দিনই হবে শপথগ্রহণ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে সহ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন: ‘আপনাদের ঋণ শোধ করব’ তৃণমূলের উপর আক্রমণ নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

না বললেই নয়, ১৫ বছরের তৃণমূলের শাসনকে এবার একেবারে উপড়ে ফেলেছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতায় ২০৭ আসন নিয়ে জয়লাভ করেছে কেন্দ্রের এনডিএ সরকার। অন্যদিকে দুর্নীতিগ্রস্ত সরকার তৃণমূলের ঝুলিতে গিয়েছে মাত্র ৮০টি আসন। তবে সমস্যা হচ্ছে, এখনও পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পদত্যাগপত্র জমা দেননি। গতকাল সাংবাদিক মাধ্যমে তিনি বলেছেন যে, “আমি তো হারিনি। আমি কেন ইস্তফা দিতে যাব?” সেই কারণে এখন হয়তো রাজ্যপালকেই এ বিষয়ে হস্তক্ষেপ করতে হবে।