‘আমি গুছিয়ে নিয়েছি’ বিজেপিতে ফিরছেন বাবুল সুপ্রিয়? জানিয়ে দিলেন তৃণমূল সাংসদ

Published:

Babul Supriyo

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটেছে (West Bengal Election 2026)। ১৫ বছরের শাসক দল তৃণমূল কংগ্রেসের অবসান ঘটিয়ে আজ থেকেই সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি। তবে সেই রাজনৈতিক পালাবদলের আগে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ বানানো হয়েছিল কোয়েল মল্লিক থেকে শুরু করে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) প্রমুখকে। তবে রাজনৈতিক বদল ঘুরতেই ট্রোলের স্বীকার হচ্ছেন তাঁরা। এ নিয়েই এবার মুখ খুললেন গায়ক বাবুল সুপ্রিয় নিজেই।

মুখ খুললেন বাবুল সুপ্রিয়

ফেসবুকে এক ব্যবহারকারী বাবুল সুপ্রিয়কে মেনশন করে একটি পোস্ট করেছিল যে, “বাবুল সুপ্রিয় হয়তো এখন মনে মনে ভাবছে যে টাইম থেকে সার্ভিস দিচ্ছিলাম, আজকে মুখ্যমন্ত্রীর দাবিদার ছিলাম। কিন্তু কেন ঘুরতে গেলাম!” আসলে আমরা পুরনো কাসুন্দী ঘাঁটলে জানতে পারব, বাবুল সুপ্রিয় ২০১৪ থেকেই ভারতের জনতা পার্টির একজন অন্যতম মুখ ছিলেন। কিন্তু ২০২১ সালে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি, এবং এবারের নির্বাচনের আগে তিনি রাজ্যসভার সাংসদ হন। সেই কারণেই তাঁকে ব্যঙ্গ বিদ্রুপ করছে নেটিজেনরা।

তবে এ নিয়ে এবার নিজের মত প্রকাশ করলেন গায়ক। তিনি ওই পোস্টটি স্ক্রিনশট করে লিখেছেন, “নারে ভাই ভুল করছেন। আমি একেবারেই এটা ভাবছি না। আমি আমার সিদ্ধান্তেই অনড়। আমি কখনও ইউ-টার্ন মারব না। আমি যখন চাকরি ছেড়ে মুম্বাই গিয়েছিলাম তখন সবাই বলেছিল পারবোনা। এমনকি আমার বাবা-মাও একই কথা বলেছিল। কিন্তু আমি ফিরিনি। যাই হোক আপনি আমাকে এটা বলেছেন যথেষ্ট। আমি কেনই বা বিজেপিতে ফিরব? আর বিজেপিই বা কেন আমাকে চাইবে। আমি তাদেরকে আর চাইনা।”

আরও পড়ুন: ভুল করে এসি কোচে উঠে পড়েন বৃদ্ধা, রেগে মুখে ঘুষি মেরে দাঁত ফেলে দিল টিটিই

তাঁর আরও সংযোজন, “আমি কখনোই চুরি করিনি। আসানসোলের মানুষ জানে আমি কতটা কাজ করেছি। তাই যখনই ওখানে যাই, দল মত নির্বিশেষে আমি সবার কাছ থেকে ভালোবাসা পাই। যে কারণে এই লেখাটা লিখেছেন, আমি বলতে চাই আমি কখনোই ফিরব না। বিগত তিন-চারদিন ধরে আমি অনেক কল, মেসেজ পেয়েছি যে দাদা বিজেপিতে ফিরে এসো। কিন্তু পারবো না ভাই। আমাকে ‘ইউজ এন্ড থ্রো’ করার পারমিশন আমি কাউকে দিইনি। বিনা কারণে শাস্তি বা পানিশমেন্ট আমি কেনই বা মাথা পেতে নেব? তুমি নিজে হলেই বা কী করতে? মানবেন কিনা জানিনা। আমি আমার সেরাটা বিজেপিকে দিয়েছি ২০১৪ সাল থেকেই। ২০২১ সালে বাধ্য হয়েই আমি দল ছেড়েছি। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন।”