টলিউডে গেরুয়া ছোঁয়া! শুভেন্দুর শপথে ব্রিগেডে জিৎ, প্রসেনজিৎ, যিশু

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিজেপির (Bharatiya Janata Party) সূচনা হল এক নতুন অধ্যায়ের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার ব্রিগেড প্যারেড (Brigade) গ্রাউন্ডে আনুষ্ঠানিক সূচনা হল। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ বসেছে চাঁদের হাট। বিভিন্ন রাজ্যের হেভিওয়েট নেতাদের পাশাপাশি এই ইভেন্টে যোগদান করেছে টলিউড তারকরাও।

ব্রিগেডে চাঁদের হাট

রিপোর্ট মোতাবেক, ব্রিগেডে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। যেন গোটা ভারতবর্ষ উপস্থিত হয়েছে বাংলার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকারাও

শুধু নেতা মন্ত্রীরা নন, এদিন শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রি। বিশিষ্ট নৃত্য শিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং জিৎ। তাঁদেরকে দলের তরফে সম্বর্ধনা জানানো হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজ গোটা ভারতবর্ষের কাছে বাংলার গুরুত্ব কতটা। এদিন ব্রিগেডে জনসমক্ষে শিলিগুড়ির একজন প্রবীণ বিজেপি নেতা এবং শিলিগুড়িতে বিজেপির প্রতিষ্ঠাতা মাখনলাল সরকারকে সম্বর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পায়ে হাত দিয়ে আশীর্বাদ চেয়ে প্রণামও করেন তিনি।

আরও পড়ুন: ব্রিগেডের মঞ্চে ৯৮ বছরের মাখনলাল সরকারের পা ছুঁলেন মোদী, কে তিনি জানেন?

প্রসঙ্গত, ব্রিগেডে শপথ নেওয়ার পর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়েছিলেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করার পাশাপাশি মাটিতে বসে কবিকে প্রণাম করলেন তিনি। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল। কবিগুরুকে প্রণাম জানিয়ে শপথ নিলাম। আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে হবে। তার আজ সূচনা হল।”