গ্যাসে ৩০০ টাকা বাড়তি ভর্তুকি! ৩ বছর পর বাংলায় ফের চালু হবে উজ্জ্বলা যোজনা

Published:

Pradhan Mantri Ujjwala Yojana 3.0

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনে পালা বদল হতেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই চলেছে বিজেপি সরকার। গতকাল, সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিককে নিয়ে সাংবাদিক সম্মেলনে ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু তাই নয় জানানো হয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলি (Central Government Schemes) এবার রাজ্যেও চালু হওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যার মধ্যে অন্যতম হল উজ্জ্বলা যোজনা ৩.০ (Pradhan Mantri Ujjwala Yojana 3.0)।

তিন বছর বাদে চালু হবে উজ্জ্বলা যোজনা

গতকাল, সোমবার, সাংবাদিক বৈঠকের শেষে নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে, “এবার আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হবে বাংলা। তাছাড়া উজ্জ্বলা যোজনা ৩.০, বিশ্বকর্মা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প বাংলায় চালু হবে।” আর এই ঘোষণা প্রকাশ্যে আসা মাত্রই খুশির আবহ তৈরি হয়েছিল। তিনি জানিয়েছেন উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে গ্রাহকের মোট লক্ষ্যমাত্রা ছিল ১৫ লক্ষ কিন্তু রাজ্যে আপাতত হয়েছে মাত্র ১.২৯ লক্ষ। এবার বাকিটা এখন থেকেই চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রায় তিন বছর বাদে ফের রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।

আদেও কি পূরণ হবে লক্ষ্যমাত্রা?

আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার রাজ্যে কোনও কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে চালু করেনি। যার মধ্যে অন্যতম হল উজ্জ্বলা গ্যাস যোজনা। ফলে এই প্রকল্পে নতুন গ্রাহক যোগ না দেওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এবার বিজেপি সরকার আসায় সকলেই আশার আলো দেখছেন। সকলেরই ধারণা বহু প্রান্তিক মানুষ কম খরচে গ্যাসের সংযোগ পাবেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ বিভ্রাটের জেরে জ্বালানির সংকট। বর্তমানে যেভাবে গ্যাসের দাম বেড়েই চলেছে তার উপর যেভাবে গ্যাস ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়ছে তার জন্য উজ্জ্বলা গ্যাস যোজনা রাজ্যে কতটা উপযোগী হবে এখন সেটাই দেখার।

আরও পড়ুন: জুন থেকে মাসে ৪৫০০! লক্ষ্মীর ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার কি একসাথে মিলবে? জানুন

উল্লেখ্য, বর্তমানে উজ্জ্বলা গ্রাহক বছরে ৯টি সিলিন্ডারে বিশেষ ভর্তুকি পান। শুধু তাই নয়, বাড়তি ৩০০ টাকা সহায়তা কেন্দ্রের তরফেও দেওয়া হয়ে থাকে। অর্থাৎ কলকাতা ও শহরতলির ক্ষেত্রে ৯৩৯ টাকার গ্যাসে ভর্তুকি যেখানে সাধারণ গ্রাহক ১৯.৫৭ টাকা পাচ্ছে সেখানে উজ্জ্বলা গ্রাহক ভর্তুকি হিসেবে পাচ্ছে ৩১৯.৫৭ টাকা। তাই স্বাভাবিকভাবেই অনেক সুবিধা পাওয়া যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রসঙ্গে ডিলারদের একাংশের বক্তব্য, প্রকল্পটি যদি ফের চালু হলে সকলেরই বেশ সুবিধা হবে। কিন্তু এই প্রকল্পের জন্য কেউ যেন কালোবাজারি বা দুর্নীতি না করে তা লক্ষ্য রাখতে হবে।