প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলার মসনদে বিজেপি সরকার আসতেই প্রশাসনিক পদগুলিতে ব্যাপক রদবদল শুরু হয়েছে। আর সেই আবহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ (WBCHSE Secretary) থেকে সরানো হল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে (Priyadarshini Mallick)। গতকাল, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই স্কুল শিক্ষা দফতরের (West Bengal Education Department) জারি করা এক বিজ্ঞপ্তিতে তাঁকে সচিব পদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যাপক আলোচনা শুরু হল রাজনৈতিক মহলে।
সচিব পদ থেকে সরানো হল প্রিয়দর্শিনীকে
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার জারি হওয়া একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দ্রুত স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রিয়দর্শিনীকে শীঘ্রই দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দিতে হবে। জানা গিয়েছে, আগে নাকি তিনি ওই কলেজেই অধ্যাপনা করতেন।
কী কারণে এই পদক্ষেপ?
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই নাকি প্রিয়দর্শিনী মল্লিকের কাজে অনিয়মিত উপস্থিতি দেখা যাচ্ছিল। যা নিয়ে সংসদের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। তাই শেষে বাধ্য হয়ে সংসদ থেকে তাঁকে স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু, তিনি নিজে থেকে ইস্তফা দিতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয়ে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে সচিব পদ থেকে অপসারণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই অপসারণ নিয়ে এখনও পর্যন্ত প্রিয়দর্শিনী বা জ্যোতিপ্রিয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার নতুন সচিব হিসেবে কে গুরু দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: মমতার ডাকা সাংসদদের বৈঠকে অনুপস্থিত দেব, কোয়েল, বাবুলরা! দলে ভাঙন?
প্রসঙ্গত, বিজেপি সরকার আসতেই শিক্ষা দফতরে একের পর এক পরিবর্তন হয়ে চলেছে। প্রশাসনিক পদ গুলোতে একাধিক বদল চোখে পড়ছে৷ কিছুদিন আগেই তৃণমূল জমানায় নিয়োগ হওয়া মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করেছেন৷ তবে শুধু রামানুজ গঙ্গোপাধ্যায় নয় এর পাশাপাশি পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। অন্যদিকে, পূর্ণ মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে শিক্ষা দফতর দেখাশোনার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷










