নিরামিষ পদে আসবে রাজকীয় স্বাদ! বানান শাহী পটলের দোর্মা, চেটেপুটে খাবে সবাই

Published:

Shahi Patoler Dorma

প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির রান্নাঘরে কিছু সাধারণ শাক-সবজির মধ্যে অন্যতম হল পটল (Pointed Gourd)। গরমকালে যেন এর আধিপত্য সামান্য বেড়ে যায়। পটল ভাজা, পটল পোস্ত, দই পটল, পটলের ডালনা ইত্যাদি তো রয়েছে। আবার অনেকের গরম ভাত দিয়ে পটলের তরকারি খেতেও বেশ ভালোবাসেন। কিন্তু কখনও কি রাজকীয় ভঙ্গিমায় শাহী পটলের দোর্মা (Shahi Patoler Dorma) খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটি শুধু আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

শাহী পটলের দোর্মা বানাতে যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- পটল, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, সবুজ এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, চিনি, ছানা, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, দই, কাজু মগজদানার বাটা, বেসন, সর্ষের তেল, ঘি।

রান্নার পদ্ধতি

শাহী পটলের দোর্মা বানানোর জন্য প্রথমে একটি শুকনো কড়াইতে গোটা মশলাগুলো হালকা ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে পটলের খোসা হালকা করে ছেঁচে নিয়ে একদিকের মাথা কেটে ভেতরের অংশ চামচের পিছন বা ছুরি দিয়ে বের করে আলাদা করে রাখতে হবে। এবার বের করা ওই পটলের বীজ একটি ব্লেন্ডারে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

তাতে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিতে হবে। একটু ভাজা ভাজা হলেই পনির গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এরপর একটি পাত্রে ঢেলে সেটি ঠান্ডা করতে দিন। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে সামান্য চটকে নিতে হবে। অন্যদিকে কড়াইতে ওই তেলের মধ্যেই ফাঁপা পটলগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপর ওই ভাজা পটলের মধ্যে পুরগুলো ভরে, কেটে রাখা অংশ টুথপিক দিয়ে আটকে দিতে হবে।

আরও পড়ুন: ভাতের সঙ্গে একঘেয়ে সবজিতে বিরক্ত? তাহলে অল্প সময়ে বানিয়ে নিন কুমড়ো নারকেলের ঘন্ট

গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে সামান্য তেলে গোটা মশলা দিয়ে ফোড়ন দিয়ে বাকি আদা-সবুজ লঙ্কা বাটা দিয়ে কষে নিতে হবে। এবার ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ ওই মশলার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যতক্ষণ না তেল আলাদা হয়ে আসছে ততক্ষণ রেখে দিন। এরপর কাজু মগজদানার বাটা এবং সামান্য জল দিয়ে গ্রেভিটা ফুটে এলে পুর ঢোকানো পটলগুলো দিয়ে দিন। শেষে সামান্য ঘি ও গরম মশলা ছড়িয়ে পরিবেশন করুন। তাহলেই তৈরি শাহী পটলের দোর্মা।