সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই ছুটির মরশুমে জম্মু-কাশ্মীরের শ্রীমাতা বৈষ্ণোদেবী মন্দিরে পুণ্যার্থীদের ভিড় একেবারে উপচে পড়ার মতোই দেখা যায়। যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্য ও ওয়েটিং লিস্টের সমস্যা কমানোর জন্য কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেসে (Kolkata–Jammu Tawi Express) এবার অতিরিক্ত স্লিপার কোচ যুক্ত করার সিদ্ধান্ত নিল উত্তর রেলের জম্মু বিভাগ (Indian Railways)। যার জেরে এখন অনেকটাই সহজেই টিকিট মিলবে বলে আশা।
কবে থেকে মিলবে এই সুবিধা?
রেলের সূত্র মারফৎ জানানো হয়েছে, আগামী ২৫ এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। সেক্ষেত্রে জম্মু তাওয়াই এক্সপেসে অতিরিক্ত একটি স্লিপার কোচ যুক্ত থাকবে। উত্তর রেলের এক আধিকারিক বুধবার স্পষ্ট জানিয়েছেন, গ্রীষ্মকালীন ভিড় ও পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই বাড়তি কোচের ব্যবস্থা করা হচ্ছে।
রেলের এই সিদ্ধান্তের ফলে যাত্রীরা যে একাধিক সুবিধা পাবেন তা বলার অপেক্ষা রাখে না। প্রথমত, ট্রেনের টিকিটে যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে, তাদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। দ্বিতীয়ত, প্রতিদিন প্রায় ৭২ থেকে ৮০ জন ওয়েটিং লিস্টের যাত্রী এই বাড়তি কোচের ফলে কনফার্ম বার্থ পাবে। এমনকি কামড়ায় অত্যাধিক ভিড় কমবে। যার ফলে দীর্ঘ পথের যাত্রায় নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য দুই-ই বজায় থাকবে।
আরও পড়ুন: মাসে মিলবে ১০,০০০ টাকা পেনশন! বিরাট পরিকল্পনা সরকারের
এ বিষয়ে উত্তর রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার উচিত সিঙ্গল জানাচ্ছেন, আমরা নিয়মিতভাবেই ট্রেনের ওয়েটিং লিস্ট পর্যবেক্ষণ করছি। আর যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। এমনকি যাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাঁর সংযোজন, শেষ মুহূর্তে টিকিট বাতিল হওয়ার জন্য এই বাড়তি কোচ সাহায্য করবে।










