বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। আর তার আগেই চর্চায় উঠে এসেছেন পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক। পাক খেলোয়াড়ের এক বিচিত্র বোলিং অ্যাকশন ও দুর্দান্ত ফর্মের কারণে বেশ চিন্তায় ভারতীয় দলের সমর্থকরা। অনেকেই প্রশ্ন তুলছেন, রবিবার টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার ধসিয়ে দিতে পারেন পাকিস্তানের তারিক? এই এক খেলোয়াড়ের জন্যই কি হারতে হবে ভারতকে? এসব নিয়েই এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)।
ভারতের ত্রাস হয়ে উঠবেন তারিক?
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতলেও স্পিনারদের ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা একেবারে সর্বসমক্ষে চলে এসেছে। স্পিন অ্যাটাকের ক্ষেত্রে বিগত দুই ম্যাচেই একপ্রকার ধাক্কা খেয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। এদিকে পাকিস্তানের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন রহস্যময় জাদুকরী স্পিনার তারিক। ফলে তাঁকে নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে। যদিও ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ মনে করেন, এই পাকিস্তানি ক্রিকেটার ভারতীয় ব্যাটসম্যানদের খুব একটা কব্জা করতে পারবেন না!
এক কথায়, টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের উপর ভরসা রাখছেন সৌরভ। এক সাক্ষাৎকারে দাদা জানালেন, “আন্তর্জাতিক ক্রিকেটে স্পিন খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা যথেষ্ট পারদর্শী। ওরা জানে কাকে কীভাবে খেলতে হয়। ফলে ওঁর বিরুদ্ধে খেলতেও তাঁদের সমস্যা হওয়ার কথা নয়।” এশিয়া কাপ থেকে শুরু করে সাম্প্রতিক সমস্ত সিরিজেই জয় পেয়েছে ভারতের টি-টোয়েন্টি দল। এবারের বিশ্বকাপেও ভারতকে ফেভারিট হিসেবেই রাখছেন সৌরভ।
অবশ্যই পড়ুন: আর যাওয়া যাবে না! বন্ধ হয়ে গেল দার্জিলিংয়ের মিনি পহেলগাঁও, কারণ কী?
মহারাজের বক্তব্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বস্ব দিয়ে লড়াই করবে ভারতীয় দল। অন্যদিকে ভারতকে হারানোর ইচ্ছে থাকলে পাকিস্তানকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে রবিবারের ম্যাচে ভারতের ক্ষেত্রে যে অঘটন ঘটতে পারে সেই সম্ভাবনাকেও দূরে সরিয়ে রাখছেন না প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।











