দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, হস্টেলের বাথরুম থেকে উদ্ধার দেহ

Published:

Medical Student Dead Body
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড! দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে (Medical Student Dead Body) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয়েছে ওই ছাত্রের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ রাখা হয়েছে হাসপাতালেই। আত্মহত্যা, না এই ছাত্রের মৃত্যুর নেপথ্যে রয়েছে আরও কোনো গাঢ় রহস্য, তার উত্তর খুঁজছে পুলিশ। কথা বলা হচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে।

ঠিক কী ঘটেছিল?

ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার মধ্যরাতে দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের বয়েজ হস্টেলের বাথরুম থেকে ২১ বছরের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ, সে বিহারের পাটনার বাসিন্দা। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে তিনি ওই কলেজে ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে এই ঘটনা প্রকাশ্যে আসার পর পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। কী করে পড়ুয়ার মৃত্যু তা নিয়ে এখনও চলছে ধোঁয়াশা। আজ, রবিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে। দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

 তদন্ত জারি রেখেছে পুলিশ

শনিবার রাতে তাঁকে ঝুলতে দেখে খবর দেওয়া হয় পুলিশ। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে রাখা হয় হাসপাতালেই। খবর দেওয়া হয়েছে পরিবারকে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। যদিও কলেজ সূত্রে জানা গিয়েছে, পরপর বেশ কয়েক বছর একটি সেমিস্টারের পরীক্ষায় পাস করতে পারেননি লাবণ্য। হয়তো সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও তদন্তের সাপেক্ষে কথা বলা হচ্ছে মৃতের বন্ধুদের সঙ্গেও।

আরও পড়ুন: SIR অনিয়মে রাজ্যের বিরুদ্ধে কড়া অবস্থান কমিশনের! চাওয়া হল অ্যাকশন টেকেন রিপোর্ট

ঘটনার পর থেকে কলেজের অন্যান্য শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছেন। এদিকে কয়েক মাস আগেই দুর্গাপুরের এই বেসরকারি কলেজেরই এক ছাত্রীকে কলেজের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর সহপাঠী ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এখনও সেই মামলা আদালতে বিচারাধীন। এমতাবস্থায় ধর্ষণ মামলার রেশ কাটতে না কাটতেই এই ছাত্রের রহস্যমৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিয়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
আরও Asansol Durgapur