জলপাইগুড়িতে ফ্লাইওভার থেকে পড়ে মৃত্যু পুলিশকর্মীর ছেলের

Published:

Jalpaiguri
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: রবিবার ভোররাতে আরও এক ভয়ংকর দুর্ঘটনার খবর উঠে এল শিরোনামে। জানা গিয়েছে, জলপাইগুড়ির (Jalpaiguri) গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারের নীচ থেকে উদ্ধার পুলিশকর্মীর ছেলের রক্তাক্ত দেহ। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতের নাম রাজ থাপা। জানা গিয়েছে, মৃতের বাবা পেশায় পুলিশ। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ওই দেহ।

গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারে দুর্ঘটনা

সূত্রের খবর, আজ অর্থাৎ রবিবার জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়কের গৌরীহাট সংলগ্ন ফ্লাইওভারে ভোররাতে ঘটে গেল এক ভয়ংকর দুর্ঘটনা। সাতসকালে ওই ফ্লাইওভারের প্রায় ৯ ফুট নীচে একজনের দেহ দেখতে পায় স্থানীয়রা। তাঁরাই সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে কোতয়ালি থানার পুলিশ আধিকারিকরা। দেখা যায় ফ্লাইওভারের ওপরেই পড়েছিল ওই মৃত যুবকের বাইক। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, ৩৬ বছর বয়সী ওই মৃত যুবকের নাম রাজ থাপা। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন এবং তাঁর বাবা একজন পুলিশকর্মী।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

কোতয়ালি থানার তদন্তকারী পুলিশদের প্রাথমিক অনুমান রাজ থাপা নামের ওই যুবক রবিবার ভোররাতে শিলিগুড়ি থেকে বাইকে জলপাইগুড়ি ফিরছিলেন। সেই সময় হয়তো দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কায় নিচে পড়ে যান যুবক। আর তাতেই মৃত্যু হয় তাঁর। যদিও মৃত্যুর কারণের স্পষ্ট ধারণা মিলবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই। ইতিমধ্যেই মৃত যুবকের বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। যুবকের মৃত্যুর পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, হস্টেলের বাথরুম থেকে উদ্ধার দেহ

উল্লেখ্য, কিছু দিন আগেই উত্তরবঙ্গের রাস্তায় আরও এক ভয়ংকর দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছিল। খবর সূত্রে জন্য গিয়েছে, বিয়ে বাড়ি থেকে ফেরার সময় ডুয়ার্স থেকে সিকিম যাওয়ার পথে ২৯ মাইল এলাকায় তিস্তায় পড়ে যায় একটি গাড়ি। আর তাতেই মৃত্যু হয় দু’জনের। ঘটনায় আহত হন ২ জন। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক গতিনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাল সামলাতে না পেরে উপর থেকে নিচে পড়ে যায় গাড়িটি। এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক দুর্ঘটনায় সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now