বাংলাদেশ যাবেন না প্রধানমন্ত্রী মোদী, তারেকের শপথগ্রহণে অংশ নেবেন লোকসভার স্পিকার

Published:

Narendra Modi
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্পন্ন হয়েছে ওপার বাংলার সাধারণ নির্বাচন। আগামী ১৭ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তবে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কিন্তু সেখানে তিনি উপস্থিত থাকবেন না বলেই জানা গেল। বরং, তাঁর জায়গায় লোকসভার স্পিকার ওম বিড়লাকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। সাথে থাকবেন পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি।

বাংলাদেশে উপস্থিত থাকতে পারছেন না মোদী

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই প্রতিনিধি দল ভারত আর বাংলাদেশের সম্পর্কের মধ্যে আরও বন্ধুত্বের প্রতিফলন ঘটাবে। মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ঠিকই। কিন্তু মুম্বাইয়ে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দ্বিপাক্ষিক আলোচনা আর দিল্লিতে এআই শীর্ষ সম্মেলনের প্রস্তুতির কারণেই তিনি ওপার বাংলার সম্মেলনে যোগ দিতে পারছেন না।

বলে রাখি, ১৭ বছর নির্বাসন শেষে ২০২৫ সালের ডিসেম্বর মাসে লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। আর তিনিই এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন বিএনপি’র প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন রাষ্ট্রপতি। মা খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তারেক রহমান। তারপর থেকেই লন্ডনে বসবাস করছেন তিনি। তবে ২০২৪ এর ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এই নির্বাচন প্রথম। এতদিন ইউনূসেরর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব সামলে এসেছে। তবে এবার স্থায়ী প্রধানমন্ত্রী পাচ্ছে ওপার বাংলা।

আরও পড়ুন: শিলিগুড়িতে বদলাতে চলেছে ‘BJP’-র নাম, কী হবে নতুন পরিচয়?

বলবাহুল্য, গত ১৩ ফেব্রুয়ারি ফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ফেসবুক পোস্টেও অভিনন্দন জানানো হয়। তবে এই উচ্চপর্যয়ের প্রতিনিধি দল ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কের নতুন সূচনা করবে তা আঁচ করা যাচ্ছে। এমনকি বিএনপি সব সময় ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছে। আর তারেক রহমান নিজেই বলেছেন যে, তারা কোনও একটি দেশের উপর অতিরিক্ত নির্ভর করবে না, বরং আন্তর্জাতিক অংশদারিত্ব গড়ে তুলবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now