আপনার এলাকায় কোথায় বসেছে স্বনির্ভর বাংলা ক্যাম্প? যুবসাথীর ১৫০০ পেতে হলে দেখে নিন

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ প্রকল্প যুবসাথীর আবেদন প্রক্রিয়া (Banglar Yuva Sathi)। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের স্বনির্ভর বাংলা ক্যাম্পে বেকার ভাতার প্রকল্প যুবসাথীর আবেদনপত্র নেওয়া এবং জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন রাজ্যের অসংখ্য শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতী। তবে এখনও পর্যন্ত যাঁরা আবেদনপত্র পূরণ করে জমা দিতে পারেননি বা জানেনই না কোথায় বসতে চলেছে রাজ্য সরকারের বিশেষ ক্যাম্প, তাঁদের জন্যেই আজকের প্রতিবেদন।

কত দিন চলবে আবেদন প্রক্রিয়া?

রাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী, সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে যে নতুন যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে তার আবেদন আজ অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা জমা করতে হবে নিকটবর্তী ক্যাম্পে। তবে অনেকেই মনে করছেন, বঙ্গের সরকার এই প্রকল্পে আবেদনের সময়কাল আরও বাড়াতে পারে। সেক্ষেত্রে সবটাই পরিষ্কার হবে সরকারের পরবর্তী নির্দেশ বা ঘোষণা আসার পরেই।

কীভাবে দেখবেন আপনার এলাকায় কোথায় বসেছে ক্যাম্প?

রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি কেন্দ্রে একটি করে ক্যাম্প তৈরি করা হবে। সেখানেই হবে যুবসাথীর আবেদন গ্রহণের কাজ। রাজ্য সরকারের নির্দেশ মতোই শুরু হয়েছে সেই কর্মকাণ্ড। তবে আপনার এলাকায় ঠিক কোথায় আপনার স্বনির্ভর ক্যাম্প বসেছে তা জানতে হলে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট স্বনির্ভর বাংলায় ভিজিট করুন। এর জন্য প্রথমে গুগল বা ক্রমে গিয়ে লিখতে হবে স্বনির্ভর বাংলা। এরপর সামনে যে এন্টারফেস আসবে সেখান থেকে প্রথম লিঙ্কটিতে ক্লিক করে প্রথমে নিজের জেলা বা ডিসট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে।

এরপর নিচের বক্সে থাকা AC অর্থাৎ অ্যাসেম্বলি বা বিধানসভা নির্বাচন করতে হবে এবং সবশেষে নিজের ব্লক সিলেক্ট করে দিলেই সামনে চলে আসবে আপনার এলাকায় খোলা স্বনির্ভর বাংলা ক্যাম্পের ঠিকানা। পরবর্তীতে অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করে অথবা সশরীরে ক্যাম্প থেকে ফর্ম তুলে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সাথে সেটি সেখানেই জমা করে দিতে পারবেন।

অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গে শীত বিদায়ের আগেই সাগরে নিম্নচাপ, বৃষ্টি হবে? আজকের আবহাওয়া

যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন?

সরকারি গাইডলাইন অনুযায়ী, যুবসাথী প্রকল্পে আবেদন করতে হলে আধার কার্ড অথবা ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি। বলে রাখা প্রয়োজন, কেউ যদি আগে থেকেই রাজ্য সরকার প্রদত্ত লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্পের অর্থ পেয়ে থাকেন বা পাচ্ছেন তবে তাঁরা কোনও ভাবেই যুবসাথীতে আবেদন করতে পারবেন না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now