বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরুর আগে বড় বিপদে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! গত IPL নিলাম থেকে বড় আশা করে ওপার বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে কিনেছিল নাইট ম্যানেজমেন্ট। তবে বাংলাদেশে ভারত বিরোধী স্লোগান উঠতেই শেষ পর্যন্ত BCCI তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই মতোই, বাধ্য হয়ে এই বাংলাদেশি বোলারকে ছেড়ে দেয় কলকাতা। তবে ফিজকে ছাড়লেও নাইট ম্যানেজমেন্ট এর ভরসা ছিলেন শ্রীলঙ্কার 18 কোটির মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেলেন তিনিও। তাতেই এবার বিপদের মুখে KKR!
IPL শুরুর আগেই চরম সংকটে KKR!
আগেই বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। তাঁর বিকল্প খুঁজতে খুঁজতে হঠাৎ জাতীয় শিবিরে খেলতে গিয়ে চোট পান হর্ষিত রানা। তাতে আরও চাপে পড়ে যায় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় তারকা চোট এতটাই গুরুতর যে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। এদিকে মাস পেরোলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রানা ঠিক কবে সুস্থ হয়ে উঠবেন সেই উত্তর নেই কারও কাছে।
মুস্তাফিজুর রহমানের চলে যাওয়া এবং রানার চোট নিয়ে যখন এমনিতেই ধুঁকছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তখনই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে আচমকা চোট পেলেন শ্রীলঙ্কার তারকা পেসার পাথিরানাও। 18 কোটি টাকা দিয়ে যে খেলোয়াড়কে মূলত ডেথ ওভারের জন্য কিনেছিল কলকাতা, সেই প্লেয়ার হঠাৎ চোট পাওয়ায় শাহরুখ খানের দলের চিন্তা যে কয়েকগুণ বেড়ে গেল সে কথা বলার অপেক্ষা রাখে না।
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের সুপার এইটে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ কারা? দেখে নিন এখনই
ক্রিকেট মহলের অনেকেই বলছেন, দলের কঠিন সময় উইকেট তুলে ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে লঙ্কার পেসারের। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি হয়ে উঠতে পারতেন কলকাতার জাদুকরি বোলার। তবে আচমকা বিশ্বকাপের মাঝে জোরালো চোট পাওয়ায় ঠিক কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যদিও কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট আশাবাদী, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন মাথিশা। তবে, এই মুহূর্তে পরিস্থিতি যা তাতে ফিজ বাদ পড়ার পর দুই বোলারকে নিয়ে একপ্রকার বিপদে KKR।












