জয় দিয়েই শুরু হল লড়াই, ISL এ ইস্টবেঙ্গলের ম্যাচ আবার কবে?

Published:

East Bengal FC Next Match in ISL 2026
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জয় দিয়েই ইন্ডিয়ান সুপার লিগের যাত্রা শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সোমবার, ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দল নর্থইস্ট ইউনাইটেডকে 3-0 তে গুঁড়িয়ে দেয় মশাল বাহিনী। এদিন ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করে ISL এর প্রথম ম্যাচের নায়ক হয়ে উঠলেন নতুন সেন্টার ফরোয়ার্ড ইউসেফ এজেজারি। যা থেকে বোঝাই যাচ্ছে, বেছে বেছে সঠিক লোককে দলে নিয়েছে লাল হলুদের থিঙ্কট্যাঙ্ক। এছাড়াও মশাল শিবিরের হয়ে একটি গোল করেছিলেন মিগুয়েল ফেরেইরা।

নর্থইস্টকে নাকানি চোবানি খাওয়ালো ইস্টবেঙ্গল

ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে নেমেই নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই শুরু করেছিল ইস্টবেঙ্গলের ফুটবলাররা। ঘরের মাঠে ম্যাচ, ফলে আলাদা একটা সুবিধা পেয়েছে লাল হলুদ। সঙ্গে ছিল সমর্থকদের দেওয়া আত্মবিশ্বাস। আর সেসবকে পুঁজি করেই ক্রমাগত প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। খেলা যখন 36 মিনিটে গড়াল মহম্মদ রশিদের শট ফিরে এল বারে লেগে। এরপর বিপিন সিং দীর্ঘ চেষ্টা করলেও গোল করতে পারেননি।

এদিন প্রতিপক্ষকে ঝকঝকে ফুটবল দেখালেও গোলের জন্য 65 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। তারপরই বিপিন সিংয়ের ক্রস থেকে গোল করেন নতুন ফুটবলার এজেজারি। এই গোলের কিছু সময়ের মধ্যেই 70 মিনিটের মাথায় আরও একটি গোল করে বসেন নতুন বিদেশি। তাতে আত্মবিশ্বাস একেবারে ফুলেফেঁপে ওঠে ইস্টবেঙ্গল। এরপর আর কি নর্থ ইস্ট ইউনাইটেডের প্লেয়ারদের কার্যত বোতলবন্দি করে বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন মিগুয়েল। তাতেই জয় নিশ্চিত হয় ইস্টবেঙ্গলের।

অবশ্যই পড়ুন: রঞ্জির সেমিতে একাই ৮ উইকেট মহম্মদ শামির, এবারেও কি খুলবে না টিম ইন্ডিয়ার দরজা?

ISL এ ফের কবে নামবে ইস্টবেঙ্গল?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে এ বছরের মতো সীমিত সময়ের জন্য শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। নির্ধারিত সূচি অনুযায়ী, 16 ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলেছে লাল হলুদ। এরপর আগামী 21 ফেব্রুয়ারি যুবভারতীতেই স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল বাহিনী। এই ম্যাচটি শুরু হওয়ার কথা বিকেল 5টা থেকে। ISL এ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান কলকাতা ডার্বি হবে আগামী 3 মে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now