বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ পর্যন্ত একটি ম্যাচও হারেনি তারা। সুপার এইট পর্বের প্রথম ম্যাচে এবার সেই দলেরই মুখোমুখি হবে ভারত (India Vs South Africa)। সূর্যকুমার যাদবরাও আজ পর্যন্ত অপরাজেও। তবে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের সামনে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন অনেকেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাদেরকে গুঁড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া, সেই প্রোটিয়া দলের কাছেই আগামীকালের ম্যাচ বদলার। এখন প্রশ্ন, দক্ষিণ আফ্রিকাকে রুখে দিতে কোন একাদশ নিয়ে খেলতে নামবে ভারত?
বাদ পড়তে পারেন রিঙ্কু সিং
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট চালালেও সে অর্থে নিজেকে মেলে ধরতে পারেননি জাতীয় দলের তরুণ ফিনিশার রিঙ্কু সিং। ওদিকে দীর্ঘদিন চোট নিয়ে ক্রিকেট থেকে দূরে ছিলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, আগামীকালের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে শায়েস্তা করতে ব্যাটে এবং বলে উভয় বিভাগে পারদর্শী অলরাউন্ডার ওয়াশিংটনকে জায়গা দেওয়া হতে পারে একাদশে। তাতে বাদ পড়তে পারেন রিঙ্কু সিং। এক কথায়, রিঙ্কুর জায়গায় খেলবেন এই ভারতীয় ক্রিকেটার।
এন্ট্রি হবে এই দুই তারকার
রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ লড়াই। সন্ধ্যা 7টা থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা জানতে বাকি নেই কারও। আহমেদাবাদের পিচ যেহেতু স্পিন ফেভারিট ফলে এদিনের ম্যাচে পেসারদের বদলে স্পিনারদেরই বেশি অগ্রাধিকার দেবে ভারত। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, অর্শদীপ সিংয়ের বদলে জায়গা হতে পারে কুলদীপ যাদবের। ওদিকে শেষ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব বুঝে একাদশে ফিরতে পারেন তিনি।
অবশ্যই পড়ুন: ‘এলাহি’ আয়োজন ভোটকর্মীদের জন্য! ৪৯ পদের মেনুতে টেন্ডার ডাকা হল পূর্ব বর্ধমানে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ
ইশান কিষাণ (উইকেট কিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অলরাউন্ডার), শিবম দুবে (অলরাউন্ডার), ওয়াশিংটন সুন্দর (অলরাউন্ডার), অক্ষর প্যাটেল (অলরাউন্ডার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ।












