সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে সরকারি কর্মীদের হুঁশিয়ারির মাত্রা দিনদিন বেড়েই চলেছে। এবারও যার ব্যতিক্রম ঘটেনি। এবার এই ঘটনায় কালীঘাট চলোর ডাক দেওয়া হল সংগ্রামী যৌথ মঞ্চের (Sangrami Joutha Mancha) তরফে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রায় দানের ১৬ দিন পেরিয়ে যাবার পরেও সরকারি কর্মীরা অপেক্ষা করছেন কবে এই বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেবে। তবে সরকার এখনও অবধি কিছু বলে উঠতে পারেনি।
DA ইস্যুতে এবার কালীঘাট চলোর ডাক সরকারি কর্মীদের
সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন, ‘অপেক্ষা করছি কবে সরকার দয়া করবে! এই ভাবে আর কতো দিন? আর কবে?’ এরই মাঝে আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২৬-এ কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে সরকারি কর্মীদের তরফে। আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। পোস্ট অনুযায়ী, ডিএ সংক্রান্ত সুপ্রিম রায় কার্যকর, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ এবং রাজ্যের ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছ ভাবে স্থায়ী নিয়োগের দাবিতে আগামী ২৬ ফেব্রুয়ারি কালীঘাট চলোর ডাক দেওয়া হয়েছে। সময় বেলা ১২:৩০ মিনিটে।

সম্প্রতি নির্দেশ সত্ত্বেও বকেয়া পুরনো ডিএ-র ২৫% মেটায়নি রাজ্য, এই অভিযোগের ভিত্তিতে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে গিয়েছে যৌথ মঞ্চ। গত শুক্রবার ডিএ মামলা নিয়ে ফেসবুকে পোস্ট করেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। তাঁর তরফে জানানো হয়েছে, ‘সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এগিয়ে কেসের ২৫ শতাংশ বকেয়া মেটানোর আদেশের লঙ্ঘনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হলো।’ পোস্ট অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি, ২০২৬-এ ডায়েরি নম্বর 11103/2026 দায়ের করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুনঃ হুগলি নদী থেকে সাত সমুদ্র! নবরত্ন মর্যাদা পেয়ে আরও শক্তিশালী গার্ডেনরিচ শিপবিল্ডার্স
কী বলেছে সুপ্রিম কোর্ট?
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ডিএ মামলার দীর্ঘ প্রতীক্ষিত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্পষ্ট জানিয়ে দিয়েছে, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, ২০০৯ থেকে ২০১৯-এর সময়কালের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ৬ মার্চের মধ্যে ২৫% টাকা দিতেই হবে। বাকি টাকা কিস্তিতে প্রদান করতে হবে।












