বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) সুপার এইটের শুরুতেই হার, ভারতকে বড় ধাক্কা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার মতো দলের কাছে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ভরাডুবি যেন কিছুতেই মেনে নিতে পারছেন না ভক্তরা। এক দুই নয় বরং একেবারে 76 রানের বিরাট ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় স্বীকার করেছে মেন ইন ব্লু। যার জেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ভারতের জন্য এখন স্বপ্ন স্বরূপ। এমতাবস্থায়, টিম ইন্ডিয়ার জন্য ত্রাতা হয়ে উঠতে পারে দক্ষিণ আফ্রিকা। হিসেব বলছে, বর্তমানে পরিস্থিতি যা তাতে একমাত্র প্রোটিয়ারাই ভারতকে সেমি ফাইনালে তুলতে পারে। বাঁচাতে পারে টিম ইন্ডিয়ার মান! কিন্তু কীভাবে?
ভারতকে এখন বাঁচাতে পারে দক্ষিণ আফ্রিকা
রবিবার, প্রোটিয়াদের কাছে বড় ব্যবধানে হারের পর ভারতের নেট রান রেট গিয়ে দাঁড়িয়েছে -3.800 তে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট ঠিক তার উল্টো। এমতাবস্থায়, সেমিফাইনালে উঠতে গেলে ভারতকে পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে। তবে এই দুই ম্যাচ জিতলেও ভারতকে নির্ভর করতে হবে দক্ষিণ আফ্রিকার উপর।
সহজে বলতে গেলে, বর্তমান সুপার এইট পর্বে দক্ষিণ আফ্রিকা যদি প্রতিটি ম্যাচ জিততে পারে তবেই সেমিফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হবে ভারতের। সেক্ষেত্রে বলাই যায়, ভারতকে সেমিতে তোলা এখন দক্ষিণ আফ্রিকার হাতে। তবে যদি এর মধ্যে একটি ম্যাচেও প্রোটিয়াদের হারতে হয় সে ক্ষেত্রে নিঃসন্দেহে বিপদে পড়বে টিম ইন্ডিয়া।
অবশ্যই পড়ুন: জিম্বাবুয়ে, ওয়েস্টইন্ডিজকে হারিয়েও সেমিফাইনালে যেতে পারবে না ভারত! বুঝুন অঙ্ক
দক্ষিণ আফ্রিকা হারলেও এভাবে সেমিতে পৌঁছতে পারে ভারত
আপাতদৃষ্টিতে দেখতে গেলে, দক্ষিণ আফ্রিকার কাছে গতকালের ম্যাচ হেরে যাওয়ায় বেজায় খারাপ দশা হয়েছে ভারতের। ফলে, পরপর দুই ম্যাচ জেতার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিকেও নজর রাখতে হবে সূর্যকুমার যাদবদের। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারতীয় দল যদি তাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ দুই দলের বিরুদ্ধেই বিরাট ব্যবধানে জয় তুলতে পারে। সেক্ষেত্রে নেট রান রেট চাঙ্গা হবে তাদের। সেই সূত্র ধরেই, দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ হারলেও সেমিফাইনালে জায়গা করতে পারেন স্কাইরা।












