সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কা সত্যি করে বঙ্গোপসাগরে তৈরী হয়েছে নিম্নচাপ। এদিকে এই নিম্নচাপের জেরে অকাল বৃষ্টিতে ভিজতে চলেছে সমগ্র বাংলা। সেইসঙ্গে গোদের ওপর বিষফোঁড়া হতে চলেছে ঝড় এবং বজ্রবিদ্যুৎ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের প্রক্রিয়া শুরু হয়েছে যা পরবর্তীতে আরো শক্তিশালী হয়ে পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আজ মঙ্গলবার দুপুরের পর থেকে রাতের মধ্যে ঝড়বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সাথে কলকাতা ও লাগোয়া জেলাগুলোতেও। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎও ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাহাড়ি ও সমভূমি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়াও দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দার্জিলিং ও কালিম্পঙ জেলায়।
আরও পড়ুন: ব্যবসার জন্য গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষ টাকা ঋণ! কীভাবে পাবেন জানুন
সমতল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।












