প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে বিতর্কে জড়ালেন ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন (Mosaraf Hussen)! প্রচারের সময় নিজের গাড়ির ড্রাইভারকে সকলের সামনে বুকে লাথি মারলেন। তুমুল ভাইরাল সেই ভিডিও। গতকাল শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রথম দফা। দফায় দফায় সংঘর্ষ, দ্বন্দ্বর মধ্যে দিয়ে মিটেছিল ভোট পর্ব। এমতাবস্থায় এই ভিডিও ভাইরাল হতেই শাসকদল খানিক বেকায়দায় পড়ল বলে মনে করছে সমালোচকরা।
প্রকাশ্যে এল সেই ভিডিও
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন নিজের এলাকায় প্রচার করছিলেন। তিনি জিপের বনেটের উপর দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন, তাঁর পাশে দাঁড়িয়েছিল কেন্দ্রীয় জওয়ান। কিন্তু গাড়ি চলতে চলতেই দেখা যায় আচমকা ব্রেক কষায় মোশারফ হোসেনের পা পিছলে সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলেন। আর তাতেই তাঁর রাগ চড়ে যায়। এরপরই তিনি তাঁর চালকের বুকে লাথি মারেন। ভিডিওটির সত্যতা যাচাই করেনি India Hood। কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা শুরু হয়ে যায়।
Itahar TMC MLA Mosharaf Hussein was standing on the bonnet of a jeep, waving to supporters during a campaign roadshow, when he slipped. Moments later, he kicked his driver in the chest. pic.twitter.com/DKu9fQeoZX
— Aparna (@chhuti_is) April 24, 2026
নীরব শাসকদল
ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের ভাইরাল এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা একাধিক কটাক্ষ করেছে। অনেকেই জানান, জনসংযোগ বৃদ্ধিতে প্রচারে গিয়ে নিজের আসল রূপ দেখিয়ে দিলেন তিনি। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মোশারফ হোসেন এবং তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুদিন আগেই মালদার কালিয়াচকে অবরোধ-বিক্ষোভ ও বিচারকদের ঘিরে রাখার ঘটনায় গ্রেফতার হওয়া মোফাক্কেরুল ইসলামকে ঘিরে রাজনৈতিক বিতর্ক যখন চরম আকার নিয়েছিল, সেই সময় এই ঘটনায় মোশারফ হোসেনের যোগ রয়েছে বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এমনকি তদন্তের দাবিও তুলেছিলেন। যদিও সেই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মোশারফ।
আরও পড়ুন: কলকাতায় হুগলী নদীতে নৌকাবিহার প্রধানমন্ত্রীর, ক্যামেরা হাতে তুললেন একাধিক ছবি
উল্লেখ্য, মোশারফ হোসেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সভাপতি হিসেবেও দায়িত্ব সামলিয়ে ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল, এবং সেই সময় তিনি প্রায় ৪০ হাজার ভোটে জয়লাভ করেছিলেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মোশারফ সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এবং দীর্ঘদিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। তাই এবার তাঁকে আসন্ন বিধানসভা নির্বাচনে ইটাহারের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন দেখার তিনি এবার কেমন ফলাফল তুলতে পারেন।










