সহেলি মিত্র, কলকাতা: টি ২০ বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। শেষমেষ মারণ রোগ ক্যান্সারের কাছে হার মানলেই এই তারকা ক্রিকেটারের বাবা। জানা গিয়েছে, তিনি গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত রিঙ্কু সিং-এর বাবা
জানা গিয়েছে, রিঙ্কু সিংয়ের বাবা খচন্দ্র সিং, স্টেজ-৪ লিভার ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। সম্প্রতি তার স্বাস্থ্যের অবনতি ঘটে, যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাবার স্বাস্থ্যের অবনতির খবর পেয়ে, রিঙ্কু সিংকে হঠাৎ করে টিম ইন্ডিয়াকে ছেড়ে বাড়ি ফিরে যেতে হয়। এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার জন্য টিম ইন্ডিয়ার তারকা ফিনিশার রিঙ্কু সিং পুনরায় টিম ইন্ডিয়ায় যোগ দেন। ভেবেছিলেন হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ রক্ষা আর হল না। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটা সময়ে বাবাকে হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ এই তারকা ক্রিকেটার।
সম্প্রতি, দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে রিঙ্কু তার বাবার অসুস্থতার কারণে দেশে ফিরেছেন এবং শীঘ্রই দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন ক্রিকেটারের বাবার এহেন আকস্মিক মৃত্যুর পর আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন কিনা সে সম্পর্কে ধোঁয়াশা তৈরী হয়েছে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে ৭২ রানের জয় পেল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে রিঙ্কু সিং টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছিলেন বটে, কিন্তু তিনি প্লেয়িং ইলেভেনে রাখা হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ডু-অর-ডাই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত অভিষেক শর্মা এবং হার্দিক পান্ডিয়ার অর্ধশতকের সাহায্যে ২৫৬ রান তুলেছিল। এই স্কোর তাড়া করতে নেমে জিম্বাবুয়ের দলের রথ ১৮৪ রানে থেমে যায়। ভারত এই ম্যাচটি ৭২ রানে জিতে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।












