বিক্রম ব্যানার্জী, কলকাতা: শহরে মেসির (Lionel Messi) সফরকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ধরা পড়েছিল তার দায় কে নেবে? এমন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আগেই রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। এবার সরাসরি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করল দক্ষিণ বিধান নগর থানার পুলিশ। জানা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে একেবারে পাঁচটি ধারায় দায়ের হয়েছে অভিযোগ। আর তারপরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে FIR এর ফটোকপি পোস্ট করে শতদ্রু লিখলেন, “সত্যের জয় হয়েছে।”
মোট পাঁচ ধারায় মামলা রুজু হল অরূপের বিরুদ্ধে
সাম্প্রতিক সময়ে, মেসি কাণ্ড নিয়ে বারবার মুখ খুলেছেন বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। রাজ্যে পালাবদল হওয়ার পরই নিজের ফেসবুক পেজ থেকে যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলেছেন তিনি। সেই সাথে নতুন সরকারের কাছে পুনরায় মেসি কাণ্ডের ফাইল খোলারও আবেদন জানান শতদ্রু। 13 ডিসেম্বর যুবভারতীতে অরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠদের ভিড়ে প্রিয় তারকাকে দেখতে পাননি দর্শকরা। আর সেখান থেকেই তৈরি হয় ক্ষোভের উদ্রেক।
এ প্রসঙ্গে আগেই শতদ্রু দত্ত জানিয়েছিলেন, মেসিকে নিয়ে একপ্রকার ছেলে খেলা করেছেন অরূপ বিশ্বাস! তাঁকে পাড়ার পল্টু ভেবে নিজের ঘনিষ্ঠদের সাথে দেখা করিয়েছিলেন তিনি। পুলিশ তখন নীরব দর্শক। আর এই সব নিয়েই এবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একেবারে পাঁচটি ধারায় রুজু হয়েছে FIR। জানা যাচ্ছে, অভিন্ন উদ্দেশ্য 3 (5), প্রতারণা 318 (4), তোলাবাজি 308 (2), অপরাধমূলক ভীতি প্রদর্শন 351 (2) এবং অপরাধমূলক ষড়যন্ত্র 61 (2) ধারায় রুজু হয়েছে মামলা। তা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে FIR ফটোকপি পোস্ট করে শতদ্রু লেখেন, “সত্যের জয় হয়েছে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করা হল।” এ দিন ওই পোস্টেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বর্তমান ক্রীড়ামন্ত্রী ও রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
অবশ্যই পড়ুন: পেট্রোলে ১.৫, ডিজেলে ১৩.৫০ টাকা শুল্ক প্রত্যাহারের ঘোষণা কেন্দ্রের
প্রসঙ্গত, যুবভারতীতে মেসিকে নিয়ে অনুষ্ঠানের আগে শতদ্রু দত্তের কাছ থেকে নাকি প্রচুর সংখ্যক টিকিটের দাবি করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ। বাঙালি ক্রীড়া সংগঠকের বক্তব্য, 22 হাজার কমপ্লিমেন্টারি টিকিট না দিলে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় তাঁকে। পরে সেই টিকিট নিয়েই কালোবাজারি করা হয় বলেই অভিযোগ তোলেন তিনি। সেই মর্মে এর আগে গত 19 মে বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, আইএএস আধিকারিক শান্তনু বসু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন শতদ্রু।










