শুরু হল চারধাম যাত্রা ২০২৬-র অনলাইন রেজিস্ট্রেশন, কোথা থেকে করবেন? দেখে নিন

Published:

Char Dham Yatra 2026 online registration starts from 6 March

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চারধাম যাত্রায় (Char Dham Yatra 2026) যাবেন? এপ্রিলের আগেই ভক্তদের সুখবর দিল উত্তরাখণ্ড সরকার। এবছর আগামী 22 এপ্রিল খুলছে কেদারনাথ (Kedarnath) ধাম। তার আগে গঙ্গোত্রী ও যমুনেত্রী মন্দিরের দরজা খুলবে 19 এপ্রিল। এছাড়াও বদ্রিনাথ মন্দির ভক্তদের জন্য আগামী 23 এপ্রিল থেকে খুলে যাবে। তার আগেই আজ অর্থাৎ 6 মার্চ, শুক্রবার থেকেই চারধাম যাত্রার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। শুক্রবার সকাল সাতটা থেকেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বলাই বাহুল্য, চারধাম যাত্রায় অংশ নেওয়ার আগে ভক্তদের রেজিস্ট্রেশন করার বিষয়টি বাধ্যতামূলক করেছে পুষ্কর সিং ধামী সরকার।

চারধামের সময়সূচী

আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবছর 19 এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন খুলে যাচ্ছে গঙ্গোত্রী এবং যমুনেত্রী মন্দিরের দরজা। এইদিন থেকেই পশ্চিম হিমালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তীর্থযাত্রা। অন্যদিকে কেদারনাথ মন্দিরের দরজা খুলছে 22 এপ্রিল। সরকারি ঘোষণা অনুযায়ী এদিন সকাল 8টায় বৃশ লগ্নে খুলবে মন্দিরের দরজা। এছাড়াও জানা গিয়েছে এ বছর কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত থাকছেন টি গঙ্গাধর লিং। মন্দিরের যাবতীয় পুজো পার্বণের দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

অন্যদিকে বদ্রিনাথ মন্দির খুলবে আগামী 23 এপ্রিল। এদিন ভোর 6টা বেজে 15 মিনিট নাগাদ ব্রহ্ম মুহূর্তে খোলা হবে এই মন্দিরের দরজা। তার আগে 7 এপ্রিল থেকে শুরু হয়ে যাবে বার্ষিক গদুঘর যাত্রা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেদারনাথের দরজা খুলতেই হাজার হাজার ভক্ত সেখানে পাড়ি দিতে পারবেন। তবে তার আগে রেজিস্ট্রেশন করে নেওয়া বাধ্যতামূলক।

 

আধার কার্ডের মাধ্যমে করা যাচ্ছে রেজিস্ট্রেশন

উত্তরাখণ্ড সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চারধাম যাত্রা 2026 এ অংশ নিতে হলে আগে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে সরকারি পোর্টালে। শুক্রবার থেকে শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে চারধাম যাত্রায় নিজের নাম জুড়তে উত্তরাখণ্ড সরকারের অফিসিয়াল পোর্টাল Registrationandtouristercare.uk.gov.in এ গিয়ে আধার কার্ডের মাধ্যমে ভক্তরা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তবে বিদেশি ভক্তদের জন্য ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন এর সুবিধা থাকছে।
এছাড়াও টুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড মোবাইল অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করা যাচ্ছে। একই সাথে, 8394833833 এই নম্বরে হোয়াটসঅ্যাপে Yatra লিখে পাঠালে সমস্ত তথ্য পেয়ে যাবেন তীর্থ যাত্রীরা। এভাবেও রেজিস্ট্রেশন করা যাবে।

অবশ্যই পড়ুন: সেমিফাইনালে ১০ বছর পুরনো রেকর্ড একসাথে ভাঙল ভারত এবং ইংল্যান্ড

কিন্তু যাঁরা অনলাইনে আবেদন করতে পারবেন না তাঁদের আগামী 17 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন থেকেই শুরু হচ্ছে চারধাম যাত্রার অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চারধাম যাত্রা শুরুর দুদিন আগেই ঋষিকেশ নিবন্ধন কেন্দ্র, ঋষিকুল গ্রাউন্ড, হরিদ্দার এবং বিকাশ নগর দেহরাদুন নিবন্ধন কেন্দ্র সহ অন্যান্য ট্রানজিট ক্যাম্প বা কাউন্টার থেকে চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ভক্তরা। এছাড়াও উত্তরাখণ্ড সরকারের তরফে চারধাম যাত্রা সম্পর্কিত ভক্তদের যেকোনও প্রকার সমস্যা সমাধানের জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। চারধাম যাত্রা সম্পর্কিত যে কোনও ধরনের প্রশ্নের উত্তর পেতে বা তথ্য জানতে 0135-1364 এই নম্বরে কল করতে হবে।

google button