প্রীতি পোদ্দার, কলকাতা: দ্বিতীয় দফার নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে রাজ্যজুড়ে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকা জুড়ে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভবানীপুর। কারণ সেখানে এবার মমতা বনাম শুভেন্দু। সকাল থেকেই একদিকে যেমন বুথ পরিদর্শন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমনই অন্যদিকে নজর রাখছেন বিরোধী দলনেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমতাবস্থায় সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা (Mamata Banerjee)। দেখালেন একাধিক ভিডিও ও ছবি।
ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষুব্ধ স্বরে জানান, ‘‘গতকাল রাত প্রায় দেড়টা নাগাদ ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর (বাবাই) বাড়িতে যায় কেন্দ্রীয় বাহিনী। ওঁর স্ত্রী বাচ্চাটাকে নিয়ে বাড়িতে একা ছিল কারণ ও দলের কাজে বাইরে ছিল। সেটা ওর স্ত্রী জানায়। তারপরও কথা না শুনেই বাড়ির ভিতর ঢুকে হুমকি দিয়ে গিয়েছে যে বাবাই যেন ভোটের দিন কোনও কাজ না করে। মোবাইলও কেড়ে নেয়। এভাবে কি ভোট হয়? এখানে গুন্ডারাজ চলছে? একটা কথা মনে রাখবেন, আমাদের কর্মীরা মৃত্যুবরণ করবে, তবু কারও কাছে মাথানত করবে না।”
BJP কে চরম কটাক্ষ মমতার
বুধবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিকদের একাধিক ভিডিও এবং ছবি দেখান। পাশাপাশি ভোটের আবহে ভাঙড়ে এক তৃণমূল কর্মীকে পুলিশ মেরেছে বলেও সংবাদমাধ্যমে ছবি দেখান তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, “BJP জোর করে রিগিংয়ের মাধ্যমে ভোটে জেতার চেষ্টা করছে।এরপরও মানুষ ওদের ভোট দেবে? এটা কি গুন্ডারাজ চলছে? ভোট এ ভাবে হয়? গণতন্ত্রের পুরো ১২টা বাজিয়ে দিয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।”
আরও পড়ুন: ‘ভয় দেখানো হচ্ছে..’ ভোট দিয়েই অবজার্ভারদের নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক
প্রসঙ্গত, আজ, দ্বিতীয় দফা নির্বাচনের দিন সকাল সকাল ভবানীপুরের বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগে প্রতিবার তাঁকে ভোটের দিন সকালে বাড়িতেই থাকতে দেখা যায়। পরে বেলার দিকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যান। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন এল। ভোটের দিন সকালেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করলেন ফিরহাদ হাকিমের সঙ্গে। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও বুথ পরিদর্শনে বেরিয়ে গেলেন।










