ফের আরজি কর, লিফটে আটকে রহস্যমৃত্যু ব্যক্তির! ঘনাচ্ছে রহস্য

Published:

RG Kar Hospital

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল (RG Kar Hospital)। এবার লিফটে আটকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। যিনি দমদমের বাসিন্দা। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। হাসপাতালে ভর্তি থাকা ছেলেকে দেখতে লিফটে করে উপরের দিকে যাচ্ছিলেন তিনি। তবে সেই লিফটেই আটকে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ (Tala Police Station)। হাসপাতালে ফের এই রহস্যমৃত্যু নিয়ে তৈরি হচ্ছে সংশয়।

আরজি কর হাসপাতালে লিফটে আটকে পড়ে মৃত্যু

স্থানীয় সূত্র অনুযায়ী খবর, হাসপাতালের ট্রমা কেয়ারে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির এক ছেলে হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতেই স্ত্রী এবং অন্য ছেলেকে নিয়ে লিফটে করে পাঁচ তলায় যাচ্ছিলেন তিনি। তবে ওই লিফটে কোনও অপারেটর ছিল না। এতেই তাঁরা আটকে পড়েন। কিন্তু এই ঘটনায় ওই ব্যক্তির রহস্যজনক ভাবে মৃত্যু হয়। যদিও কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যতদূর জানা যাচ্ছে, লিফটটি উপরে ওঠার বদলে নিচের থেকে নেমে আসে। যার কারণে তিনজনই লিফটে আটকে পড়েন। এমতাবস্থায় লিফট কেটে উদ্ধার করা হয় তিনজনকে। কিন্তু স্ত্রী এবং অন্য ছেলে সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলেই খবর। রহস্যজনকভাবে মৃত্যু হয় অরূপবাবুর।

আরও পড়ুন: এই কারণেই পানিহাটিতে অভয়ার মায়ের নাম ঘোষণা করতে পারল না বিজেপি?

ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে টালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে, এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার চেষ্টা করছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। আর ওই মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত স্পষ্ট কিছু বলা যাচ্ছে না যে কীভাবে তাঁর মৃত্যু হল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট জানা যাবে। যদিও এই মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এদিকে এই ঘটনার পর মৃত ব্যক্তির পরিবার হাসপাতালের পরিকাঠামের উপর ক্ষোভ উগড়ে দিচ্ছে। তাঁদের দাবি, লিফটে কোনও অপারেটর ছিল না এবং কোনও রক্ষণাবেক্ষণ নেই। যার ফলেই এই দুর্ঘটনা। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সবটাই ময়নাতদন্তের রিপোর্টের উপর নির্ভর করছে।

google button