মধ্যরাতে SIR সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বাদ পড়লেন কারা? দেখে নিন এখনই

Published:

First Supplementary Voter List

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। গভীর রাতে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের SIR সাপ্লিমেন্টারি তালিকা (First Supplementary Voter List)। জানা গিয়েছে রাত প্রায় পৌনে বারোটা নাগাদ প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের (Election Commission Of India) ওয়েবসাইটে। এদিকে সাপ্লিমেন্টারি বা প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের খবর আসতেই সাধারণ মানুষের মধ্যে ভয় এবং উৎকণ্ঠা বেড়েছে। যাদের নাম এখনও ঝুলে রয়েছে, তারা শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

২৯ লাখ নামের নিষ্পত্তি তালিকায়!

গত ২৮ ফেব্রুয়ারি বাংলায় এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর প্রায় ৬৩ লাখ লোকের নাম বাদ পড়েছিল। পাশাপাশি ওই তালিকায় আরও প্রায় ৬০ লাখ ভোটারের নাম ছিল বিচারাধীন। শেষপর্যন্ত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় ২৯ লক্ষ মানুষের নাম প্রকাশের কথা কমিশনের তরফে জানানো হয়। সোমবার সন্ধ্যায় রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছিলেন ২৯ লাখ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। কিন্তু কত নামের নিষ্পত্তি হয়েছে? কত নাম তালিকায় বাদ পড়ল? সেই বিষয়ে কোনও বার্তাই কমিশনের তরফে জানানো হয়নি। আশা করা যাচ্ছে আরও বেশ কিছু সময় পেরলে সাইটে বিস্তারিত তথ্য মিলবে।

অনলাইনে কীভাবে নিজের নাম যাচাই করবেন?

জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশিত হয়েছে। পরবর্তীতে এই তালিকা বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে দিয়ে দেওয়া হবে। অফলাইনের সেখান থেকে জেনে নিতে পারবেন। তবে অনলাইনে তালিকায় নিজের নাম আছে কি না তা যাচাই করতে পারবেন খুব সহজেই। প্রথমে জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে গিয়ে রাজ্যের সেকশনে ‘পশ্চিমবঙ্গ’ এবং সাল ‘২০২৬’ নির্বাচন করে নিতে হবে। এরপর ‘SIR Supplementary Roll’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে জেলা ও বিধানসভা কেন্দ্র অনুযায়ী PDF ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এরপর তালিকায় দেখে নিতে পারবেন আপনার নামের পাশে ‘বিচারাধীন’ বা ‘Under Adjudication’ রয়েছে কি না।

ট্রাইবুনালে করা যাবে আবেদন

প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ পড়া ব্যক্তিরা আইনি লড়াইয়ের সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিচারাধীন ভোটারদের জন্য গঠিত হয়েছে ট্রাইবুনাল। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেক্ষেত্রে তালিকায় যাদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ এবং সমাপ্তি চট্টোপাধ্যায়সহ একঝাঁক বিশেষজ্ঞ এই ট্রাইবুনালে থাকছেন। ভোটারেরা অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন: কোনও দাবি ছাড়াই মিলবে মোটা টাকা, বড় সিদ্ধান্ত EPFO-র

ট্রাইবুনালে অনলাইনে ‘ECI NET’ মোবাইল অ্যাপ অথবা নির্বাচন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। অন্যদিকে অফলাইনে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক অথবা মহকুমাশাসকের দফতরে গিয়ে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। অভিযোগ যাচাইয়ের পর ট্রাইবুনাল বা কমিশনের সবুজ সংকেত পেলেই আপনি ভোটদানের অধিকার পাবেন। উল্লেখ্য, প্রথমে সোমবার, রাত ৯টার পর সেই তালিকা প্রকাশিত হবে বলে জানা গিয়েছিল। তবে রাত ন’টা পেরিয়ে গেলেও সেই তালিকা প্রকাশিত হয়নি। শেষপর্যন্ত ঘড়িতে রাত ১২টা বাজার কিছু আগে ওই তালিকা প্রকাশিত হয়।

google button