ভোটের ময়দানে নামার আগে আইনি জটিলতায় রেল কর্মী স্বপ্না বর্মণ, হাইকোর্টে গেল মামলা

Published:

Swapna Barman

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচনের দিন (West Bengal Election 2026)। তাই ভোট প্রচারের প্রস্তুতি জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে রাজনৈতিক দলগুলি। এদিকে জলপাইগুড়ির রাজগঞ্জ আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার আগেই বিপাকে পড়লেন তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন তিনি।

চাকরি থেকে ইস্তফা না রাজনৈতিক দলের সদস্য!

২০২০ সালের রেলের আলিপুরদুয়ার ডিভিশনের স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইনস্পেকটর হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মন। কিন্তু এরই মধ্যে গত ২৭ ফেব্রুয়ারি তৃণমূলে যোগদান করেন স্বপ্না বর্মণ। তাই নিয়ে শুরু হয় হুলুস্থুল কাণ্ড। তাই গত ৯ মার্চ রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় স্বপ্নার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে রেল। অভিযোগ, রেলওয়ের কর্মচারী হিসেবে চাকরি থেকে ইস্তফা না দিয়ে কোনও রাজনৈতিক দলের সদস্য হওয়া, সভায় যোগ দেওয়া কিংবা দলের পক্ষে প্রচার চালানো যায় না।

হাইকোর্টের সার্কিট বেঞ্চের দারস্থ স্বপ্না

রেলের অভিযোগ উঠে আসার পরেই গত ১৬ মার্চ স্বপ্না বর্মন রেলের চাকরি ছাড়ার জন্য আবেদন জমা করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল তদন্ত চলায় রেল সেই ইস্তফা গ্রহণ করেনি রেল। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে রাজগঞ্জের প্রার্থী হয়েছেন তিনি। যদি রেলের তরফে NOC না দেয় তাহলে মনোনয়ন পত্র জমা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন স্বপ্না বর্মন। আর তাই সেই আশঙ্কা নিয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দারস্থ হলেন স্বপ্না। মঙ্গলবার বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে সেই আবেদনের শুনানি হয়।

আরও পড়ুন: তৃণমূল কত আসন পেতে পারে জানিয়ে দিলেন শুভেন্দু

হাইকোর্টে স্বপ্না বর্মনের মামলার শুনানিতে রেলের পক্ষ থেকে বলা হয়, স্বপ্না বর্মণের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। সেই কারণে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। কিন্তু স্বপ্না বর্মণ যদি তাঁর দোষ স্বীকার করেন এবং রেলের কাছে অবসরকালীন কোনও সুযোগ সুবিধা না চান, তাহলে রেল তাঁকে ছাড়পত্র দেবে। কোর্ট রেলকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ মার্চ, শুক্রবার। তাই সব মিলিয়ে স্বপ্না বর্মণের ভোটে দাঁড়ানো নিয়ে জটিলতা বেড়েই চলেছে।

google button