ভবানীপুরে ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ রিটার্নিং অফিসার? নিয়োগ নিয়ে কমিশনকে চিঠি তৃণমূলের

Published:

Returning Officer In Bhowanipore

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) হতে চলেছে। এদিকে দিন ঘোষণার পর থেকেই একে একে আমলা, পুলিশ স্তরে রদবদল করে চলেছে নির্বাচন কমিশন। প্রথমেই সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবকে। ১১ জেলার নতুন জেলাশাসক নিয়োগ করা হয়েছে। আর এবার রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিল তৃণমূল কংগ্রেস। শুভেন্দু ঘনিষ্ঠকে ভবানীপুরের রিটার্নিং অফিসার (Returning Officer In Bhowanipore) পদে নিয়োগ নিয়ে প্রশ্ন করা হল কমিশনকে।

ভবানীপুরের রিটার্নিং অফিসার শুভেন্দু ঘনিষ্ঠ

কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবানীপুর কেন্দ্র রাজনৈতিক ভাবে অত্যন্ত স্পর্শকাতর। এই পরিস্থিতিতে রিটার্নিং অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সুরজিৎ রায় পূর্বে নন্দীগ্রাম-২ ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। বিশেষ করে বিজেপি নেতা তথা ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। সেক্ষেত্রে তাঁর রায়ের পক্ষপাতহীনতা ও স্বাধীনতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এছাড়াও, তাঁর বর্তমান পদ, তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূলের অভিযোগ, এই পরিস্থিতিতে সুরজিৎ রায়কে অবিলম্বে এই দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কোনও আধিকারিককে নিয়োগ করা হোক নইলে ভোট প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে পারে।

অভিযোগ অস্বীকার শুভেন্দুর

তৃণমূল কংগ্রেসের ভবানীপুর কেন্দ্রে রিটার্নিং অফিসার সংক্রান্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা নির্বাচন কমিশনারের নির্দেশে একাধিক জায়গাতেই রিটার্নিং অফিসার বদলানো হয়েছে, ভবানীপুরেও। উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করছেন। এবারও ওই কেন্দ্রে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিপরীতে লড়ছেন শুভেন্দু অধিকারী। এদিকে ওই কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছিল। এদিকে গতকাল, কেরলে কমিশনের চিঠিতে বিজেপির প্রতীক নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা।

আরও পড়ুন: ধেয়ে আসছে অতি শক্তিশালী স্কোয়াল ফ্রন্ট! শিলাবৃষ্টি, কালবৈশাখী, ভারী বর্ষণ দক্ষিণবঙ্গে

বিমানবন্দরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‌নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। কমিশনের নোটিফিকেশনে বিজেপির সিম্বল রয়েছে। কমিশনের লেটারহেডে রয়েছে বিজেপির স্ট্যাম্প।’‌ এর সঙ্গে তিনি তাঁর কথার স্বপক্ষে প্রমাণস্বরূপ একটি প্রিন্ট আউট দেখান। মমতা বলেন, ‘‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প। বিজেপির চিহ্ন। পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’’ ৭৩ জন রিটার্নিং অফিসার বদল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

google button