ইফতারে যাওয়ার জের, কমিশনের নির্দেশ অমান্য করায় ৭ জওয়ানকে বড় শাস্তি

Published:

Election Commission Of India

প্রীতি পোদ্দার, কলকাতা: বাংলায় বেজে গিয়েছে ভোটের দামামা (West Bengal Election 2026), এক এক করে সমস্ত রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করছে, সব মিলিয়ে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এমতাবস্থায় ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) নিয়ে আরও কড়া নির্দেশ দিল কমিশন (Election Commission Of India)। অভিযোগ, সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ইফতার পার্টিতে খেতে গিয়েছিল, আর তাতেই বড় শাস্তি দিল কমিশন।

শাস্তির মুখে ৭ কেন্দ্রীয় জওয়ান

বিধানসভা ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল দু’দফায় ওই বাহিনী মোতায়েন করা হবে। সেই অনুযায়ী ইতিমধ্যেই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হচ্ছে। যদিও সেই নিয়েও আপত্তি তুলেছিল শাসকদল, কারণ কোনো রকম পরামর্শ এবং আলোচনা না করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এমতাবস্থায় মুর্শিদাবাদে ৭ জন কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে উঠে এল গুরুতর অভিযোগ। জানা গিয়েছে, কমিশনের অনুমতি না নিয়েই ইফতার পার্টিতে গিয়েছিলেন তাঁরা। আর এই খবর প্রকাশ্যে আসতেই বড় ‘শাস্তি’ দিল কমিশন।

পাঠিয়ে দেওয়া হল অন্য রাজ্যে

কেন্দ্রীয় বাহিনীদের উদ্দেশে নির্বাচন কমিশন আগেই বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিয়েছিল যে জওয়ানরা যেন কারও বাড়িতে গিয়ে খাবার না খান। সে যতই উৎসব বা অন্য কোথাও নিমন্ত্রণ থাকুক না কেনো কোথাও যাওয়া যাবে না। কিন্তু সেই নির্দেশ অমান্য করল মুর্শিদাবাদের ৭ জওয়ান। ইফতার পার্টিতে যাওয়ার খেসারত দেওয়া হল সাত জওয়ানকে। অভিযুক্ত সাত জওয়ানদের মধ্যে তিন জনকে প্যারা মিলিটারির কাস্টাডি দেওয়া হয় সাত দিন। এবং বাকি দু’জনকে সতর্ক করে দিয়ে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন। শুধু তাই নয় সাত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে অন্য রাজ্যে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।

আরও পড়ুন: নয়াদিল্লি–হাওড়া রুটে ১৮০ কিমি বেগে ছুটল ট্রেন, ইতিহাস গড়ল ভারতীয় রেল

ইতিমধ্যেই ভোটের কারণে কলকাতা সহ গোটা রাজ্যেই এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। টহলদারি চলছে জোরদার, জানা গিয়েছে আগামীতে আরও বাহিনী আসতে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে রাজ্যে। আগামী ৩১ মার্চের আগেই রাজ্যে চলে আসবে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে, ভোটার আগেই কলকাতা ও গোটা পশ্চিমবঙ্গের নিরাপত্তা আরও জোরদার হবে বলেই আশাবাদী বিশেষজ্ঞ মহল।

google button