সহেলি মিত্র, কলকাতাঃ ভোটের মুখে বকেয়া ডিএ (Dearness allowance) নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানাল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মার্চ মাসে বকেয়া টাকার প্রথম কিস্তি মেটাতে হবে রাজ্য সরকারকে। এদিকে ২৭ মার্চ হয়ে গেলেও সরকারি কর্মীদের অ্যাকাউন্টে কোনও টাকা আসেনি। এই নিয়ে যথেষ্ট তরজা শুরু হয়েছে। অপরদিকে টাকা না মেটালে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। এই হুমকি-হুঁশিয়ারির মাঝেই নবান্ন (Nabanna) ডিএ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি জারি করল।
বকেয়া ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি সরকারের
পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে বেরিয়েছে নতুন বিজ্ঞপ্তি। বকেয়া ডিএ নিয়ে আসলে নির্দেশিকা বা SOP জারি করা হয়েছে। রাজ্য সরকারি দফতরের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের বা DDO-রা বকেয়া মহার্ঘ ভাতা (DA) বিল তোলার জন্য অনুসরণীয় SOP দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি নং 996-F(P2), তারিখ ১৩ মার্চ, ২০২৬ অনুযায়ী, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বকেয়া DA বিল তোলার অনুমতি দেওয়া হয়েছে। উক্ত বিল WBIFMS-এর HRMS মডিউলের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে তোলা যাবে। চলুন জেনে নেবেন কীভাবে।
সরকারি কর্মীদের জন্য নতুন SOP
১) HRMS-এর মাধ্যমে নির্ধারিত বকেয়া DA বিল সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য DDO-রা তাদের সার্ভিস হেড অফ অ্যাকাউন্ট (Detail Head–Subdetail Head: 01-02) অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং তা কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) অ্যাকাউন্টে জমা হবে।
২) কর্মচারীভিত্তিক বকেয়া বিবরণী DDO-দের কাছে ‘Arrear/Supplementary এরপর Tasklist’ মেনুতে পাওয়া যাবে।
৩) GPF অ্যাকাউন্টে ট্রান্সফার করা বকেয়া DA-এর পরিমাণ ‘Installment Details’ অংশে দেখানো হবে।
৪)
প্রয়োজনীয় যাচাই ও অনুমোদনের পর DDO ‘Arrear/Supplementary Bill Generation’ মেনুতে “Generate Bill” অপশন ব্যবহার করে বিল তৈরি করতে পারবেন।
৫) এরপর তৈরি হওয়া বিল ‘Bill Summary’ মেনুতে পাওয়া যাবে।
নির্ধারিত শর্ত অনুযায়ী DDO কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে পারবেন।
৬) বাদ পড়া বা অবশিষ্ট কর্মচারীদের তালিকা ‘Arrear/Supplementary Bill Generation ‘ মেনুতে পাওয়া যাবে, যেখানে বকেয়া বিল তৈরি করা যাবে।
৭) অবশ্যই GPF অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফারের জন্য TR Form 47 বকেয়া বিলের সঙ্গে তৈরি হবে।
৮) গ্রুপ ডি কর্মচারী এবং প্রাক্তন কর্মচারীদের ক্ষেত্রে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফারের জন্য HRMS-এ ‘Beneficiary List’ তৈরি করা হবে।
কী বলছেন মলয় মুখোপাধ্যায়?
রাজ্যের এই কপি তুলে ধরেছেন কনফাডেরেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি নিজের ফেসবুকে লেখেন, ‘বলেছিলাম ৫ম বেতন কমিশনের বকেয়া ডিএ আমরা আদায় করবোই, অবশেষে এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) ধাপে ধাপে সকলেই পাবেন৷ তবে এখন দেখার AICPI কতটা মানা হয়৷ বলাবাহুল্য ১৫.০৪.২৬ আদালত অবমাননার মামলাটি সর্বোচ্চ আদালতে বহাল আছে৷ ‘












