দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও চরম বিভ্রাট, কত জনের নাম বাদ?

Published:

Second Supplementary Voter List

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই এগিয়ে আসছে রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) দিন। আর এই অবস্থায় ফের গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ বা অতিরিক্ত সংশোধিত তালিকা (Second Supplementary Voter List) প্রকাশ করল কমিশন। কিন্তু এই তালিকা নিয়েও তৈরি হল নয়া বিতর্ক। অভিযোগ তালিকায় ঠিক কতজনের নাম বাদ দেওয়া হয়েছে বা কতজন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন সে সব কিছুই উল্লেখ নেই।

প্রযুক্তিগত ত্রুটির কারণে খোলেনি পেজ

কমিশন সূত্রে খবর, গতকাল অর্থাৎ শুক্রবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ বুথভিত্তিক এই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়। কিন্তু সেই তালিকাতেও একাধিক গোলযোগ দেখা দেয়। তালিকা আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা দেয় নাম বাদ যাওয়া বা যুক্ত হওয়ার তথ্য যে পেজগুলোতে ছিল, সেই পেজগুলো ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে খুলতে পারেনি। গত সোমবার যখন প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছিল তখনও একই গোলযোগ দেখা গিয়েছিল। সেদিন তালিকা প্রকাশের পর কমিশনের তরফে জানানো হয়েছিল, মঙ্গলবার সকালে বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে। কিন্তু কিছুই হয়নি।

ট্রাইব্যুনাল গঠন নিয়ে উঠছে প্রশ্ন

অনালাইনে সাপ্লিমেন্টারি তালিকা দেখার চেষ্টা করেছিলেন বেশ কয়েকজন বিচারাধীন ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইট থমকে যাওয়ায় তাঁরা অতিরিক্ত তালিকা দেখতে পাননি। গতকাল, শুক্রবারেও সেই একই সমস্যা হওয়ায় বেজায় মুশকিলে পড়ল সাধারণ মানুষ। এখানেই শেষ নয়, যাঁরা ডিলিটেড বা বাতিলের তালিকায় পড়েছেন, তাঁরা কীভাবে, কোথায় আবেদন করবেন, তাও জানায়নি কমিশন। অর্থাৎ, এ বিষয়ে সমাধানের জন্য ১৯ জন বিচারপতিকে নিয়ে একটি ট্রাইব্যুনাল তৈরি হলেও তা কীভাবে কাজ করবে, এখনও স্থির হয়নি।

২৩ জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ২৩ জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে। সেই ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের মতো নাম। কিন্তু সেখানে আবেদন জানানোর পদ্ধতি নিয়েও সংশয় তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে।

আরও পড়ুন: দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়েও চরম বিভ্রাট, কত জনের নাম বাদ? 

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে বাংলায়। ফলাফল ঘোষণা হবে ৪ মে। কিন্তু তার আগে এই ভোটার তালিকা বিভ্রাট রাজনৈতিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এমনকি ভোটারদের নথি যাচাই নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। এখন দেখার বিচারাধীন এবং ডিলিটেড ভোটাররা আদেও এবার ভোট দিতে পারবেন কিনা।

google button