বিকেলে ৫০ কিমিতে ঝড়, প্রবল বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় আবহাওয়ার মুড বদল

Published:

South Bengal Weather Update

সহেলি মিত্র, কলকাতাঃ বাপরে বাপ কী গরম! এখন সকলের মুখে এই একটাই কথা। গরমে রীতিমতো ঝলসে যাচ্ছেন বঙ্গবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) মানুষজনের পরিস্থিতি ক্রমে খারাপ হতে শুরু করেছে। দুপুর বা বিকেল তো দূরের কথা, সকালেও কাজে বেরোতে গিয়ে রীতিমতো প্রাণ বেরিয়ে আসার জো হচ্ছে সকলের। এহেন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আর কতদিন এরকম অসহনীয় গরম সহ্য করতে হবে? একটুও কি বিকেলের দিকে বা সন্ধের দিকে ঝড় বৃষ্টি হবে না? তাহলে আপনার জন্য রইল সোনায় সোহাগা খবর। বিকেল বা সন্ধের মধ্যেই কলকাতা সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা

মাত্রাতিরিক্ত গরমে সকলের হাল বেহাল হয়ে গিয়েছে। এক বিন্দু বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন দক্ষিণবঙ্গবাসী। তবে এবার সকলের সেই ইচ্ছা কয়েক ঘণ্টার মধ্যেই পূরণ হতে চলেছে বলে খবর। বুধবার সকাল থেকেই কখনও মেঘ আবার কখনও রোদের খেলা চলছে। বইছে গরম হাওয়া। জেলায় জেলায় লু, তাপপ্রবাহের মতো পরিস্থিতি হয়ে রয়েছে। অনেকে তো আবার বাংলার বর্তমান আবহাওয়াকে থর মরুভূমির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। যাইহোক, বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাময়িক স্বস্তি দেবে।

আরও পড়ুনঃ নাম বাদ পড়বে অনেকের! রাজ্যের নজরে ৫৫ লক্ষ যুবসাথীর আবেদনকারী

আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার দুপুর বা সন্ধ্যার দিকে কলকাতার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি স্থানে বর্ষণ এবং বিশেষ করে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায়।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক বিকেলের দিকে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। এদিকে বৃহস্পতিবার উত্তিরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। বজ্রপাতের ঝুঁকির কারণে, বিশেষ করে খোলা জায়গা ও মাঠে, ঝড়ের সময় বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।