সৌভিক মুখার্জী, নয়াদিল্লি: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর আবারও পড়শি দেশের সাথে সম্পর্ক ঠিক হচ্ছে (Bangladesh-India Relations)! রাজনৈতিক পদ পরিবর্তন এবং তারেক রহমানের (Tarique Rahman) নেতৃত্বে নতুন সরকার গঠনের পর ওপার বাংলার সঙ্গে দিল্লির সমীকরণ ঠিক কোন দিকে যাবে তা নিয়েই আন্তর্জাতিক মহলে জল্পনা চলছিল এতদিন। কিন্তু গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে (New Delhi) বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সেই জল্পনার ইতি পড়ল। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, দুই প্রতিবেশী রাষ্ট্র এখন পারস্পরিক তিক্ততা কাটিয়ে আবারও বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্ককে ঠিক করতে চাইছে।
দিল্লির অনুষ্ঠানে বড়সড় বার্তা
উল্লেখ্য, নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। এদিকে উক্ত অনুষ্ঠানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহম্মদ রিয়াজ হামিদুল্লাহ স্পষ্টভাবে দুই দেশের দীর্ঘ এবং ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেছিলেন। তিনি বলেন যে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবিস্মরণীয় অবদান রয়েছে। আর এই কৃতজ্ঞতা কখনো অস্বীকার করা যায় না।
এদিকে ভারতের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং স্পষ্ট দাবি করেন যে, বাংলাদেশের ক্ষমতায় পালাবদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্বনেতা, যিনি কিনা সবার আগে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছিলেন। তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের শিকড় ঠিক এতটাই গভীর, আর দুই দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য একে অপরের সঙ্গে সম্পূর্ণ পরিপূরক। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, দুই দশের বর্তমান লক্ষ্য এখন আন্তর্জাতিক এবং বাণিজ্যিক স্বার্থকে রক্ষা করা। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন এবং কানেক্টিভিটি বজায় রাখা উভয় দেশের অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। আর সন্ত্রাসবাদ দমন এবং সীমান্ত শান্ত রাখার জন্য দুই দেশের নিরাপত্তা এবং গোয়েন্দা বাহিনীর মধ্যেও সমন্বয় রাখা জরুরি।
আরও পড়ুন: IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ হয়ে যাবে এই ৩ KKR তারকার!
এদিকে জানিয়ে রাখি, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে সম্পর্কে টানাপোড়েন লাগে। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার মোহম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়। এমনকি দেশটিতে একের পর এক সংখ্যালঘু হত্যা থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকে। তবে চলতি বছর নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে জয়লাভ করে বাংলাদেশ ন্যাশনাল লিস্ট পার্টির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসার পর আবারো দুই দেশের সম্পর্ক মজবুত হওয়ার পথে।












