প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনে বিপুল আসনে জয়ী হতেই অ্যাকশন মোডে নামল বিজেপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন তাঁরা। এদিকে ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই নিয়োগ প্রসঙ্গে বড় ঘোষণা করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানা গিয়েছে এবার পঞ্চায়েতে (Panchayat Recruitment) দ্রুত সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগ করা হবে।
পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ
রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। তখনই তিনি রাজ্যে কর্মী সঙ্কটের বিষয়টি তুলে ধরেন। তাঁর দাবি, পর্যাপ্ত কর্মীর অভাবে জনহিতকর কাজগুলো থমকে রয়েছে, যার ফলে প্রান্তিক স্তরে পরিষেবা পৌঁছাতে দেরি হচ্ছে। এমতাবস্থায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় ঘোষণা করলেন দিলীপ ঘোষ। তিনি জানান, “ পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ হবে। আগের জমানায় প্যানেল ছিল। বাস্তবায়িত হয়নি। আপাতত ক্লিয়ার করব। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি। কেন্দ্র পয়সা দেয়। সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত। তাঁদেরটাও ধাপে ধাপে করব।”
দুধের দাম বৃদ্ধি নিয়ে কী বলছেন দিলীপ?
নতুন নিয়োগের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের আশ্বস্ত করে দিলীপ ঘোষ জানান, তাঁদের চাকরি বহাল থাকবে। সামগ্রিক প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল এবং সংবেদনশীলতার সঙ্গেই সম্পন্ন করা হবে। এছাড়াও দুধের দাম বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মাদার ডেয়ারি দুধের দাম বাড়ল। দাম বাড়বে। সেই সঙ্গে দুধের কোয়ালিটি যাচাই করতে হবে। মাঝে একবার কোয়ালিটি পরীক্ষা হয়েছিল। অনেকগুলো প্রোডাক্ট পাস করতে পারেনি। দুধ স্বাস্থ্যের জন্য খাওয়া হয়। এদিকে নানারকম কেমিক্যাল মেশানো হচ্ছে। এগুলো কতটা ক্ষতিকারক সেটাও যাচাই হবে।”
আরও পড়ুন: কেটে দেওয়া হবে এদের জল-বিদ্যুতের লাইন, জানিয়ে দিল রাজ্য সরকার
প্রকাশ্যে পশুহত্যা বন্ধের প্রসঙ্গে দিলীপের যুক্তি, “এই নির্দেশ নতুন নয়। আদালত আগেই রায় দিয়েছিল। কিন্তু উৎসব আনন্দ সবকিছু আইনের আওতায় থেকেই করতে হবে।” অন্যদিকে তিলজলায় বুলডোজার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “পশ্চিমবঙ্গের লোক ভাবেনি এতো তাড়াতাড়ি শহরে বুলডোজার নামবে। পরিস্থিতি আমাদের এটা করতে বাধ্য করেছে। যতবড় মাথা হোক আইনের নাগাল থেকে কেউ ছাড়া পাবেন না।”










