ভ্যাপসা গরমের মাঝেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় তেড়ে বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: বৃষ্টি থামতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা। একদিকে যখন বৃষ্টি হচ্ছে তখন অন্যদিকে গরমও বাড়ছে পাল্লা দিয়ে। মাঝেমধ্যে তাপমাত্রা কমলেও আবার সেটা বেড়ে যাচ্ছে হু হু করে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও বাংলার জেলায় জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Today)। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় ১.৫ কিমি উচ্চতায় একটি সিস্টেম বিস্তৃত রয়েছে। এছাড়া, প্রায় ০.৯ কিমি উচ্চতায় উত্তর ওডিশা ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের ফলে আজ থেকে আগামী ৩১ মার্চ ২০২৬ অবধি বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বর্ষণ ও ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলার আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণে ঝড় বৃষ্টির ভ্রূকুটি রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।

আরও পড়ুন: ভোটের আগে লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট সুখবর 

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন মঙ্গলবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? এদিন দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি সঙ্গে ৪০–৫০ কিমি/ঘণ্টা দমকা হাওয়া হতে পারে।   উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার জেলায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত (৭–১১ সেমি) হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায়।

google button