শিলিগুড়ির নাবালিকার মৃত্যু, অবশেষে ধৃত গৃহশিক্ষক, ধরনা তুললেন শঙ্কর ঘোষ

Published:

Siliguri Student Death Case

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে একাধিক খোঁজ খবরের পর শিলিগুড়ির নাবালিকা ছাত্রীমৃত্যুর (Siliguri Student Death Case) ৫ দিন পর চেন্নাই থেকে পাকড়াও করা হল গৃহশিক্ষককে। আগেই একজনকে পাকড়াও করেছিল পুলিশ। আর তাই এবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার অনুরোধে ধরনা প্রত্যাহার করে পুনরায় প্রচার শুরু করেন বিদায়ী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। তাতেই একহাত নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব (Goutam Deb)। রাজনীতি নিয়ে দিলেন খোঁচা।

ধরনায় বসেছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ

গত সোমবার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। পরিবার দাবি করে, গৃহশিক্ষক আমির আলির প্রেমের আবেদনে সাড়া না-দেওয়ায় মানসিক চাপ দেওয়া হচ্ছিল মেয়েটিকে সেই কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নাবালিকা। তবে ঘটনার পর থেকে গৃহশিক্ষকের খোঁজ মেলেনি। তাতেই ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। শুরু হয় রাজনৈতিক চাপানউতর। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে বিদায়ী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি জংশনে ধরনায় বসেন। তাঁর দাবি অভিযুক্তের গ্রেফতারি না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনী প্রচার করবেন না। অন্যদিকে শিলিগুড়ি মেয়র গৌতম দেবও মৃত নাবালিকার বাড়িতে যান। অবশেষে ছাত্রীমৃত্যুর ৫ দিন পর চেন্নাই থেকে গ্রেফতার করা হয় গৃহশিক্ষক-সহ ২।

ধরনা নিয়ে কটাক্ষ শিলিগুড়ির মেয়রের

গত বৃহস্পতিবার ধর্নামঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেছিলেন শঙ্কর ঘোষ। সেখানে তিনি বলেছিলেন, ‘‘ নাবালিকা প্রান্তিক অঞ্চল থেকে উঠে এসেছে বলেই পুলিশ-প্রশাসন এটাকে গুরুত্ব দিতে চায়নি হয়ত৷ তৃণমূলের কথায় চলা পুলিশ আজ যাদের বাঁচাচ্ছে, ২০২৬ সালের ৪ মে তৃণমূল সরকারের বিসর্জনের পর প্রত্যেকের ভূমিকা নিয়েই আলোচনা হবে৷’’ এদিকে রবিবার গৃহশিক্ষকের গ্রেফতারির খবর পেয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শঙ্কর ঘোষের ধরনা নিয়ে কটাক্ষ করে বলেন, ‘‘উনি রাজনীতিই করছিলেন। এই ঘটনায় আমরাও যথেষ্ট সজাগ ছিলাম। আমি নিজে পুলিশ কমিশনারকে বলেছি। কিন্তু নোংরা রাজনীতি করিনি। আর বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ধরনা করতে করতে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করেছেন! এগুলো নির্বাচন কমিশন দেখে না।’’

ধরনা প্রত্যাহার শঙ্করের

অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হওয়ার পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার অনুরোধে পুনরায় প্রচার শুরু করেন বিদায়ী বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাংবাদিক সম্মেলনে শঙ্কর ঘোষ বলেন, “শিলিগুড়িবাসীকে অনেক ধন্যবাদ তারা আমাদের পাশে ছিলেন । আমি প্রচার বন্ধ রেখেছিলাম। তবে এখন থেকে আবার প্রচার শুরু করব। অভিযুক্ত একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলেই এত সময় লাগল তাকে ধরতে।” অন্যদিকে রবিবার আমির আলি গ্রেফতার হতেই বিজেপির সাংসদ রাজু বিস্তা বলেন, “পুলিশকে ধন্যবাদ তারা অভিযুক্তকে পাকড়াও করেছে। এবার আমি চাই আইন যাতে ওকে ফাঁসির সাজা দেয়।”

আরও পড়ুন: অবশেষে নৈহাটি স্টেশনে বসছে লিফট-এস্কালেটর, সুখবর শোনাল রেল

গৃহশিক্ষকের গ্রেফতারি নিয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার কাজি সামসুদ্দিন আহমেদ বলেন, ‘‘২৩ মার্চ ঘটনাটি ঘটেছিল। তখন এক জনকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই জানা যায়, মূল অভিযুক্ত চেন্নাই চলে গিয়েছেন। সেখান থেকে আমাদের পুলিশ গ্রেফতার করে নিয়ে এসেছে। অভিযুক্তের সঙ্গে আরও এক জনকে আমরা গ্রেফতার করেছি।’’

google button