‘গাড়ি থামাতেই চাইছিল না..’, র‍্যাপিডো চালককে নিয়ে ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রী সম্পিতার

Published:

Sampita Pramanik

প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে অনলাইন ক্যাব ও বাইক মানুষের নিত্য সহচর হয়ে উঠেছে। কলেজ হোক বা অফিস, রাতবিরেতে, অনেকেই ভরসা রাখেন এই অ্যাপনির্ভর যানবাহনে। কিন্তু সেই সুবিধার আড়ালে মহিলাদের নিরাপত্তা ঠিক কতটা সুরক্ষিত, তা নিয়ে একের পর এক অভিযোগ উঠে আসছে। আর এবার নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সম্পিতা প্রামাণিক (Sampita Pramanik)র‍্যাপিডো চালকের দুর্ব্যবহারের অভিযোগ তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করলেন তাঁর ভয়ংকর অভিজ্ঞতা (Sampita Pramanik Rapido Experience)।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে অভিনেত্রী সম্পিতা প্রামাণিক সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তিনি অভিযোগ করেছিলেন যে, এদিন হাজরা মোড়ের বসুশ্রী সিনেমার সামনে থেকে একটি র‍্যাপিডো গাড়ি বুক করেছিলেন সম্পিতা। প্রথমে পার্ক স্ট্রিটে চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও সেখানে যাওয়া হয়নি তাই অনলাইনে যাত্রাপথের গন্তব্য বদলে দমদম করে দেন তিনি। কিন্তু যাত্রা শুরুর পর থেকেই নাকি চালকের আচরণ সন্দেহজনক ঠেকতে শুরু করে অভিনেত্রীর। এরপর সম্পিতা চালককে রবীন্দ্র সরোবরের কাছেই নামিয়ে দেওয়ার অনুরোধ করেন। প্রথমে চালক গাড়ি থামাতে চাইছিলেন না। পরে বহু অনুরোধের পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে গাড়ি থামায়। আর তারপরেই শুরু হয় অশান্তি।

ভাড়া নিয়ে তর্কাতর্কি চালক অভিনেত্রীর

অভিনেত্রীর কথায় গাড়ি থামার সঙ্গে সঙ্গে সম্পিতা তাঁর পকেটে দুটো ফোন ঢুকিয়ে নিয়েছিলেন এবং ভারী ব্যাগ নিয়ে নামতে যাওয়ার সময় চালক কিউআর কোড স্ক্যানার এগিয়ে দিয়ে দাবি করেন, দমদম পর্যন্ত যা ভাড়া দেখিয়েছে, তার পুরো টাকাটাই দিতে হবে। কিন্তু অভিনেত্রী পাল্টা যুক্তি দিয়ে বলেন, যেটুকু রাস্তা তিনি এসেছেন, সেটুকুর ভাড়াই তিনি মেটাবেন। সেই নিয়ে তর্কাতর্কি শুরু হতেই মেজাজ হারান চালক। গাড়ি চালানো শুরু করে দেয়। এদিকে অভিনেত্রী কথা কাটাকাটির মাঝে লাফিয়ে ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার সময় ক্যাব ড্রাইভার তাঁকে বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যান। পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যে সেই সময় বড়সড় দুর্ঘটনা বা প্রাণহানি পর্যন্ত ঘটতে পারত।

আরও পড়ুন: নেপালে স্থগিত হয়ে গেল উদ্ধার কাজ, আর ফেরার আশা নেই মুকুল রায়ের পুত্রবধূর!

অভিনেত্রীর অভিযোগ ক্যাব চালকের ধান্দা ছিল তাঁর ব্যাগ ও টাকা-পয়সা নিয়ে গাড়ি ছুটিয়ে চম্পট দেবে কিন্তু কোনওরকমে নিজের জিনিস বাঁচিয়ে গাড়ি থেকে সরে এসেছিলেন সম্পিতা। এই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে আসেন অভিনেত্রীর কাছে এবং তাঁকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করেন। এরপরেই গোটা বিষয়টি তিনি ফেসবুক লাইভে শেয়ার করেন। সম্পিতা জানান, গাড়িতে বসে আতঙ্কের মুহূর্তে ক্যাব সংস্থার সেফটি হেল্পলাইনে বারবার মেসেজ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু কোনওরকম সাহায্য মেলেনি। জানা গিয়েছে, গোটা ঘটনার বিরুদ্ধে অভিনেত্রী সম্পিতা প্রামাণিক কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন।

google button