প্রীতি পোদ্দার, কলকাতা: জল্পনার অবসান, বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) প্রাক্কালে বঙ্গ বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ (Leander Paes Joins BJP)। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। এর আগে গোয়া ভোটের সময় শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার (Leander Paes)। কিন্তু এবার ফুল বদলের সিদ্ধান্ত নিলেন তিনি, চরম উত্তেজনা তৈরি হল রাজনৈতিক মহলে।
বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার
রিপোর্ট মোতাবেক আজ, মঙ্গলবার, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। পদ্ম পতাকা হতে ধরার পর তিনি বলেন, “৪০ বছর দেশের জন্য খেলেছি। এবার নতুন খেলার সুযোগ। দেশ সেবার সুযোগ পাব। দেশ ও দেশের যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছে দলে লিয়েন্ডারের যোগদানের ফলে বাংলায় তাঁদের শক্তি আরও বৃহৎ আকার ধারণ করবে। অন্যদিকে বিজেপি নেতা কিরেণ রিজিজু বলেন, “বিজেপিতে লিয়েন্ডারের যোগদান ঐতিহাসিক। এবার বিজেপিতে বড় ইনিংস খেলবেন তিনি। ভোট ময়দানেও তাঁর সহায়তা পাব বলে আশা করছি।”
একসময় লিয়েন্ডার ধরেছিল তৃণমূলের পতাকা
উল্লেখ্য, চলতি বছর, গত ২৪ মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন যখন কলকাতায় এসেছিলেন, সেই সময়ে লিয়েন্ডার পেজ সাক্ষাৎ করেছিলেন তাঁর সঙ্গে। তারপর থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে বিজেপিতে যোগ দিতে পারে লিয়েন্ডার। কিন্তু কবে তিনি বিজেপিতে যোগ দেবেন, তা নিয়ে চলছিল চর্চা। অবশেষে আজ সেই জল্পনার অবসান ঘটল। এর আগে ২০২১ সালে ২৯ অক্টোবর তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়েছিলেন। গোয়াতেই তখন তাঁকে মুখ করেছিল তৃণমূল। প্রচারেও অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর আর সেভাবে কোনও কর্মসূচিতে তাকে দেখা যায়নি। গায়েবই হয়ে গিয়েছিলেন রাজনীতি থেকে। এরপরই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।
আরও পড়ুন: ভুয়ো SC সার্টিফিকেটে প্রার্থী? তৃণমূলের ঋতুপর্ণা আঢ্যর বিরুদ্ধে হাইকোর্টে স্বপন মজুমদার
প্রসঙ্গত, আগামী মাসে বাংলার পাশাপাশি অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের মুখেই লিয়েন্ডারের বিজেপি যোগে প্রশ্ন উঠছে, তবে কি তিনি নতুন মুখ হিসেবে নির্বাচনে প্রার্থী হচ্ছেন? অন্যদিকে আজ, মঙ্গলবারই বিজেপির তরফে আরও ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ময়নাগুড়িতে প্রার্থী বদল করেছে বিজেপি। ময়নাগুড়িতে প্রথমে কৌশিক রায়কে প্রার্থী করা হয়েছিল কিন্তু কর্মীদের বিক্ষোভের কারণে নতুন বিজেপি প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে।












