প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দিন (West Bengal Election 2026) ক্রমেই এগিয়ে আসছে, যার ফলে বঙ্গের রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। প্রশ্ন একটাই এবারও কি ফের চতুর্থবার সরকার গড়বে তৃণমূল নাকি হাওয়া বদল হয়ে সরকার গঠন করবে বিজেপি। এদিকে এই টানাপোড়েনের মাঝে SIR নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করছে জনসাধারণ, কারণ এখনও অনেকের নাম ভোটার তালিকায় (Voter List) ঝুলে রয়েছে। তাই এবার ট্রাইবুনালে আবেদন জানানোর পদ্ধতি নিয়ে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন (Election Commission Of India)।
বাদ গিয়েছে প্রায় ৪০ শতাংশ নাম!
গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। তার পর থেকে ধাপে ধাপে এখনও পর্যন্ত ৮টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। যার মধ্যে বাদ গিয়েছে প্রায় ৪০ শতাংশ নাম। যা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এবার সেই দিন ভোটারদের ট্রাইবুনালে আবেদন জানানোর পদ্ধতি জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কীভাবে ট্রাইবুনালে আবেদন করা যাবে?
গতকাল অর্থাৎ শুক্রবার কমিশন বিবৃতি জানিয়ে দিল যে অনলাইন এবং অফলাইন, দু’ভাবেই ভোটাররা আবেদন করতে পারবে ট্রাইবুনালে। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট voter.eci.gov.in-এ যেতে হবে। আর অফলাইনে জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে গিয়ে আবেদন করতে হবে। একনজরে বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হল আপনাদের সামনে আমাদের এই আজকের প্রতিবেদনের মাধ্যমে।
অনলাইনে ট্রাইবুনালে আবেদন করার পদ্ধতি
রাজ্যের ভোটার তালিকায় যে সব ভোটারের নাম ডিলিটেড তালিকা বা বাদ পড়ার খাতায় নথিভুক্ত হয়েছে, তাঁদেরকে প্রথমে নির্বাচন কমিশনের voter.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সঠিক প্রসেস মেনে লগ ইন করে নিতে হবে। এরপর ক্লিক করতে হবে under adjudication ট্যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন খুলে যাবে। আর তার মধ্যে থেকে বেছে নিতে হবে submit appeals for individuals অপশনটি। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। তবে মনে রাখবেন যাঁরা বিবেচনাধীন তালিকায় ছিলেন তাঁরাই কেবল এখানে আবেদন করতে পারবেন। কেউ নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন না। এছাড়াও কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রয়োজন হলে এই অপশনটির মাধ্যমে আবেদন করা যাবে।
আরও পড়ুন: তৃণমূলে ভোট দেওয়ার হুমকি, ভিডিও ভাইরাল হতেই কমিশনের নির্দেশে গ্রেফতার নেতা
অফলাইনে ট্রাইবুনালে আবেদন করার পদ্ধতি
কমিশনের নির্দেশে জানানো হয়েছে, অফলাইনে আবেদনের জন্য ভোটারদের যেতে হবে জেলাশাসক কিংবা মহকুমাশাসকের কার্যালয়ে। সেখানে ওই সংশ্লিষ্ট আধিকারিক ভোটারের ওই আবেদন অনলাইনে তুলে দেবেন। কমিশন জানিয়েছে, অফলাইনে আবেদনের জন্য পরিষ্কার সাদা কাগজে নিজের বক্তব্য লিখতে হবে ভোটারদের। এর সঙ্গে লিখতে হবে ভোটার কার্ডের নম্বর অর্থাৎ Epic Number। আবেদনের মূল কপিটিও সযত্নে রাখতে হবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে কেউ যদি ভোটার তালিকায় কারও নামের অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানাতে চায়, তাহলে তাঁর EPIC নম্বরও দিতে হবে আবেদনপত্রে।












