প্রীতি পোদ্দার, কলকাতা: ফের জঙ্গল থেকে উদ্ধার হল এক শিশু কন্যা (Baby Girl Rescued From Forest)। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)। কোনো রকমে জঙ্গল থেকে উদ্ধার করে শিশুটিকে বাড়িতে নিয়ে আসে এক টোটো চালক। সামাজিক অবক্ষয়ের এই চিত্র দেখে উত্তেজিত স্থানীয়রা। তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, গত বৃহস্পতিবার, কৃষ্ণনগর হাইওয়েতে হাভেলি হোটেলের পাশে একটি ঝোপের মধ্য থেকে তিন মাসের এক শিশু কন্যাকে উদ্ধার করে এক টোটো চালক। তিনি জানিয়েছেন গতকাল রাতে ওই টোটো চালক টোটো দাঁড় করিয়ে ঝোপের সামনে প্রস্রাব করতে যাচ্ছিল, সেই সময় হঠাৎ এক শিশুর কান্নার শব্দ পায়, খুঁজতে থাকেন তিনি। পরক্ষণেই দেখেন সেখানে বেশ কয়েকটি পথকুকুর ওই শিশুকন্যাকে ঘিরে পাহারা দিচ্ছিল।
তদন্তে নামে পুলিশ
টোটো চালকের কথায় ওই শিশুকন্যাকে কোনোরকমে ওই জঙ্গল থেকে উদ্ধার করে তিনি তাঁর বাড়িতে নিয়ে যায়। সেখানে ছোট্ট শিশুর সেবা শ্রুশুসা করে। এরপর গতকাল শুক্রবার, কোতোয়ালি থানার কর্তৃপক্ষকে ওই টোটো চালক সম্পূর্ণ ঘটনা জানায় এবং সেই শিশুকন্যাকে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়। এদিকে শিশুর জন্ম পরিচয় নিয়ে তদন্তে নামে পুলিশ। এটা ইচ্ছাকৃত ঘটনা নাকি কিডন্যাপ করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে তা নিয়ে কড়া হচ্ছে তদন্ত। উদ্ধারকারী টোটো চালকের দাবি, “খুবই অমানবিক দৃশ্য এটি। আমরা চাই যদি এই বাচ্চার বাবা মা কেউ এই খবর পায় তাহলে তাঁরা যেন উপযুক্ত প্রমাণ দিয়ে তাঁদের সন্তানকে নিয়ে যায়, নইলে আমরা এই বাচ্চা কারোর হাতে দেব না।
আরও পড়ুন: ‘এরাই প্রিসাইডিং অফিসার হবে’ চুঁচুড়ায় শিক্ষকদের নিয়ে বিতর্ক উস্কে দিলেন অসিত মজুমদার
কয়েক মাস আগে বীরভূমের সিউড়ির তসর কাঁটা জঙ্গলে পিকনিক করতে গিয়ে কয়েকজন গ্রামবাসী রান্নার জন্য জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে এক শিশুর কান্নার আওয়াজ পেয়েছিল। সেই শব্দ শুনে এগিয়ে যেতেই তাঁরা চাদরে মোড়া এক শিশুকন্যাকে দেখতে পেয়েছিল। এরপর শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। দিন কয়েক ICU-তে চিকিৎসাধীন ছিল শিশুকন্যাটি। সুস্থ হওয়ার পরে তাকে তুলে দেওয়া হয়েছিল প্রশাসনের হাতে।












