প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহূর্তে বঙ্গ রাজনীতিতে উত্তাপের পারদ বেশ বাড়ছে, সঙ্গে চড়ছে ভোটের (West Bengal Election 2026) প্রচারের উত্তেজনা। শাসকদল থেকে শুরু করে বিজেপি সকলেই ভোটের প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে। এই অবস্থায় আজ অর্থাৎ শনিবার বিজেপির পার্টি অফিসে বাঙালি অস্মিতায় শান দিলেন নতুন সদস্য লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ক্রীড়া পরিকাঠামো নিয়ে করলেন নিন্দা।
বৈঠকে কী বললেন লিয়েন্ডার পেজ?
লিয়েন্ডার পেজ বৈঠকে বলেন, ‘‘ এখনও পর্যন্ত বাংলায় টেনিসের কোনও আলাদা স্টেডিয়াম নেই৷ কোথাও একটাও ইন্ডোর টেনিস কোর্ট নেই। কলকাতা থেকে এখনও পর্যন্ত মাত্র ৪ জন অলিম্পিক্স মেডেল পেয়েছে। ১০০ বছরে মাত্র চারজনের পদক৷ ক্রীড়াক্ষেত্রে কোনও পরিকাঠামো উন্নত করা হয়নি। নরেন্দ্র মোদি আমাকে দিল্লিতে ডাকেন। ওনাকে ধন্যবাদ জানাই, একজন বাংলার ছেলের সঙ্গে কতটা আন্তরিকতার সঙ্গে কথা বলেন না দেখলে বোঝা যায় না ৷ আমি জানাই, বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না ৷ এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে ৷ বাংলায় ক্রীড়া পরিকাঠামো ভাল করে করতে হবে৷’’
ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের বার্তা লিয়েন্ডারের
নিজের বাঙালি পরিচয়ে বার বার জোর দিয়ে বিজেপির পার্টি অফিসে বসে লিয়েন্ডার পেজ জানান, “কলকাতাই আমার মাতৃভূমি। আমি, কলকাতার মাটিতে খেলা শিখেই অলিম্পিকের মঞ্চ থেকে পদক জিতেছিলাম। বিজেপি সরকার গড়লে বাংলায় ক্রীড়াক্ষেত্রে এক অভূতপূর্ব উন্নয়ন আনা হবে। শুধু তাই নয়, জনগণের সামনে উন্নয়নের জোয়ার আসবে।” লিয়েন্ডার সাংবাদিক সম্মেলনে জানান, ‘‘আমাকে বেশ কয়েকটি কাজের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তার মধ্যে অন্যতম হল ক্রীড়া জগতের উন্নতি ৷ তাই আগামীদিনে আমি ও আমার টিম এই কাজে সফলতা অর্জন করব, কথা দিচ্ছি দেশকে ‘সুপার পাওয়ার’ করব ৷ ২০৩৬ সালে আমাদের দেশ এক অন্য রূপ ধারণ করবে।”
মেসি ইভেন্ট নিয়ে কটাক্ষ লিয়েন্ডারের
কিছুদিন আগে কলকাতায় মেসির আগমন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। আর সেই ইভেন্টের বিতর্ক নিয়েও আজ মুখ খুললেন লিয়েন্ডার ৷ বললেন, ‘‘মেসি বাংলায় আসার পর তাঁকে কতটা অসম্মান করা হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে ৷ এটা যদি সৌরভ বা স্নেহাশিস আয়োজন করত, তাহলে এটা কোনওদিন হত না ৷’’ উল্লেখ্য, গত মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। সুকান্ত দাবি করেছিলেন যে লিয়েন্ডারের আগমনে দেশজুড়ে বিজেপির শক্তি বাড়বে।
আরও পড়ুন: এবার গাইঘাটায় BLO-কে আটকে রেখে বিক্ষোভ, গ্রেফতার তৃণমূল নেতা
প্রসঙ্গত, ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গোয়ার মাটিতে তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার। কিন্তু রাজনীতির কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যেত না। শুধু তাই নয়, শোনা গিয়েছিল তৃণমূল নাকি লিয়েন্ডারকে প্রার্থী করবে। কিন্তু শেষ পর্যন্ত টিকিট পাননি। তাই এবার বাংলার মানুষের জন্য কাজ করতে বিজেপিতে যোগ দিলেন তিনি।












