প্রীতি পোদ্দার, কলকাতা: দোরগোড়ায় ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) শুরু হলেও এখনও SIR নিয়ে তর্ক বিতর্ক কিছুতেই শেষ হচ্ছে না। গত সোমবার রাতে শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আসার পরই মাথায় হাত পড়েছে সকলে। প্রায় ছ’মাসের ‘SIR’ পর্ব শেষে ‘বিচারাধীন’ ভোটারদের নথির নিষ্পত্তির পরে বাংলার ভোটার তালিকা থেকে বাদ গেল প্রায় ৯১ লক্ষ নাম। ভোটার ছাঁটাইয়ের এই বিপুল সংখ্যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। আর এবার ট্রাইবুনালে আবেদন করার বিস্তারিত পদ্ধতি নিয়ে মুখ খুললেন নদীয়ার (Nadia) জেলাশাসক।
সবচেয়ে বেশি নাম বাদ কোন জেলায়?
নির্বাচন কমিশনের নথি থেকে জানা যাচ্ছে, জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। প্রায় ১২ লক্ষ ৬০ হাজার ভোটার বাদ সেখানে। এরপরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া ও মালদা। উত্তর কলকাতায় সব মিলিয়ে নাম বাদ পড়েছে প্রায় ৪ লক্ষ ৪৭ হাজার ভোটার এবং দক্ষিণ কলকাতায় ২ লক্ষ ৪৯ হাজার। এমতাবস্থায় নদিয়ায় ভোটার তালিকা সংক্রান্ত SIR প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে বিস্তারিত পদ্ধতি জানিয়ে দিলেন সেখানকার জেলাশাসক শ্রীকান্ত পল্লী।
ট্রাইবুনালে আবেদন পদ্ধতি জানালেন জেলাশাসক
গত সোমবার, নদিয়ার কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্রীকান্ত পল্লী এবং অতিরিক্ত জেলাশাসক নৃপেন্দ্র সিং। সম্মেলনের মধ্যে এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, তাদের উদ্দেশে বিশেষ বার্তা দেন তাঁরা। জেলাশাসক শ্রীকান্ত পল্লী জানিয়েছেন, যেসব নাগরিকদের নাম ডিলিট করা হয়েছে, তাদের জন্য ট্রাইবুনালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য অনলাইন এবং অফলাইন দুটি প্রসেস রয়েছে।
অনলাইনে আবেদন
যারা অনলাইনে আবেদন করতে চান, তারা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট voter.eci.gov.in যেতে হবে। সেখানে সঠিক প্রসেস মেনে লগ ইন করে নিতে হবে। এরপর ক্লিক করতে হবে under adjudication ট্যাবে। সেখানে বেশ কয়েকটি অপশন খুলে যাবে। আর তার মধ্যে থেকে বেছে নিতে হবে submit appeals for individuals অপশনটি। সেখানে আবেদন জানাতে পারবেন ভোটারেরা। অন্যদিকে, যারা অনলাইনে দক্ষ নন বা অন্যের সাহায্যের প্রয়োজন, তাদের জন্য প্রশাসনের তরফে অফলাইন সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে। যেতে হবে জেলাশাসক অথবা মহকুমা শাসকের কার্যালয়ে।
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে ধাক্কা গাড়ির, কী ঘটেছিল সেই মুহূর্তে?
অফলাইনে আবেদন
অফলাইনে আবেদনকারীদের জন্য নদীয়ার জেলা প্রশাসনের উদ্যোগে চারটি গুরুত্বপূর্ণ স্থান চিহিন্ট করা হয়েছে। তালিকায় রয়েছে, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এবং তেহট্ট। সেখানে আবেদনের জন্য বিশেষ সেন্টার গঠন করা হয়েছে। সেখানেই সাধারণ মানুষ সহজেই আবেদন জমা দিতে পারবেন। সব মিলিয়ে জেলাশাসকের এই উদ্যোগে ভোটার তালিকা সংশোধন নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অতিরিক্ত জেলাশাসক নিপেন্দ্র সিং জানান, “অনলাইন আবেদনপত্রটাই সবথেকে সুবিধাজনক। নিজের মোবাইল থেকেও অথবা সাইবার ক্যাফে থেকেও করা যেতে পারে। কিন্তু যাদের ইন্টারনেট নেই তাঁদের জন্য সুবিধা দেওয়া হচ্ছে জেলাশাসকের বিভিন্ন জায়গাতে।”












