প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৪ মে রাজ্য জুড়ে ২৬ এর বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) ফলাফল ঘোষণা হতে চলেছে। কিন্তু তার আগেই দ্বিতীয় দফার ভোট মিটতেই বিভিন্ন বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। শেষ আপডেট অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) অন্তর্গত চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবী তুলেছে বিজেপি। তবে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে, তা স্ক্রুটিনি করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল কমিশন (Election Commission Of India)। জানা গিয়েছে, আজই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।
কমিশনকে পাঠানো হল ১৫টি বুথের রিপোর্ট
দ্বিতীয় দফায় পুনর্নির্বাচনের দাবী উঠতেই কমিশন স্ক্রুটিনি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া দিয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। রাত পর্যন্ত স্ক্রুটিনি করেন তিনি। প্রত্যেকটি বুথে বুথে নেওয়া হয়েছে তথ্য। ইতিমধ্যেই সেই রিপোর্ট কমিশনকে পাঠিয়েছেন। সূত্রের খবর, ১৫টি বুথের জন্য রিপোর্ট আপাতত পাঠানো হয়েছে। সেখানে নাকি প্রত্যেকটি ১৫ বুথেই টেপ বা আতর লাগানো EVM পাওয়া গিয়েছে। অবস্থা এতটাই খারাপ যে সেখানে পুনর্নির্বাচন ছাড়া কোনও উপায় নেই। এখন দেখার সেই রিপোর্ট দেখে কমিশন কী পদক্ষেপ গ্রহণ করে।
কোন কোন বুথে পুনর্নির্বাচনের দাবি?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, দ্বিতীয় দফা নির্বাচনের পর যে ৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, ফলতা বিধানসভার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি। এদিকে ফলতা, ডায়মন্ড হারবার এবং বজবজ বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের অন্তর্গত। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনারই জয়নগর লোকসভার অন্তর্গত মগরাহাট পূর্ব। আশঙ্কা করা হচ্ছে ডায়মন্ড হারবারের ৪টি বুথে এবং পশ্চিম মগরাহাটের ৬টি ও ফলতার ৫টি বুথে পুনর্নির্বাচন হতে পারে। যদিও কমিশনের তরফে এখনও কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: মমতার নিশানায় গুজরাটি যুবক, কে সে? জানা গেল পরিচয়
প্রসঙ্গত, ভোট গণনার আগে EVM মেশিনের রক্ষণাবেক্ষণে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে স্ট্রংরুম এবং গণনাকেন্দ্রের নিরাপত্তায় যে ২০০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল, তার মধ্যে ১০০ কোম্পানি হল CRPF, ২০ কোম্পানি BSF, ১৫ কোম্পানি ITBP এবং ১৫ কোম্পানি SSB। এছাড়াও কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রতিটি স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ন্যূনতম ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। যদিও এবার রাজ্যে ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আগের চেয়ে কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভোট গোনা হবে মাত্র ৮৭টি কেন্দ্রে। কোন জেলায় কোথায় কোথায় গণনা চলবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।










