মোদীর ঝালমুড়ি খাওয়া জেলা ঝাড়গ্রামে বিরাট চমক বিজেপির, সবকটি আসনেই এগিয়ে পদ্ম শিবির

Published:

West Bengal Election 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা (West Bengal Election 2026)। বাংলার ২৯৩ আসনে চলছে হাই ভোল্টেজ ভোট গণনা। প্রাথমিক পাওয়া খবর অনুযায়ী, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্য সমানে সমানে টক্কর চলছে। ট্রেন্ড বলছে, বিজেপি এগিয়ে রয়েছে। কিন্তু জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে এবার বিরাট ইঙ্গিত দিচ্ছে ঝাড়গ্রাম জেলা (Jhargram)। বিশেষ করে প্রধানমন্ত্রীর ঝালমুড়ি খাওয়া এই জেলাতে এবার লিড বজায় রাখছে ভারতীয় জনতা পার্টি।

ঝাড়গ্রামে পদ্ম হাওয়া

নির্বাচনী প্রচারের সময় ঝাড়গ্রামের মাটিতে ভিন্ন মেজাজে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১৯ এপ্রিল প্রচার সেরে হঠাৎ করেই কনভয়ের গাড়ি থামিয়ে স্থানীয় এক ঝালমুড়ির দোকান থেকে তিনি ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সেই মুহূর্ত ঝাড়গ্রামের মানুষের মনেও গভীরভাবে প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে। আর আজকের প্রাথমিক ফল বলছে, ঝাড়গ্রামে আসলেই বিজেপি এগিয়ে রয়েছে।

তবে শুধুমাত্র ঝাড়গ্রাম সদর নয়, প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনই অর্থাৎ ঝাড়গ্রাম, বিনপুর, নয়াগ্রাম এবং গোপীবল্লভপুরে বিজেপি প্রার্থীরা ভালো ফলাফল করেছে। তৃণমূল পিছিয়ে রয়েছে সবকটি আসনেই। জঙ্গলমহলের এই আদিবাসী অধ্যুষিত বেল্টে বিজেপির অগ্রগতি তৃণমূলের কাছে বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: “কড়া নজরদারিতে ভোট গণনা” বিজয় মিছিল নিয়ে বড় মন্তব্য সুব্রত গুপ্তর

যদিও নির্বাচন কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন যে, এগুলো শুধুমাত্র প্রাথমিক রাউন্ডের গণনা। পোস্টাল ব্যালট এবং প্রথমদিকে ইভিএম খোলার পরেই এই তথ্য সামনে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো গণনার পরবর্তী ধাপগুলোতে ট্রেন্ড পরিবর্তন হতে পারে। কিন্তু ঝাড়গ্রামের এই লিড বিজেপির কর্মীদের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না। এক কথায়, গোটা রাজ্যতেই তৃণমূল বিজেপির মধ্যে এখন চলছে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই। প্রাথমিক ট্রেন্ড বলছে, বিজেপি এগিয়ে রয়েছে। এখন দেখার দিন শেষে কী ফলাফল আসে।