ISL পয়েন্ট তালিকার মগডালে ইস্টবেঙ্গল, শিরোপা জিততে বাগানের সাথে জোর লড়াই

Published:

Indian Super League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) যে ইস্টবেঙ্গল এতদিন শেষের দিকে থেকে যাত্রা শেষ করেছে, তারাই এ বছর পয়েন্ট তালিকার একেবারে মগডালে। ভাবা
যায়! গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর পয়েন্ট নষ্ট করে লাল হলুদকে না চাইতেও কিছুটা সুবিধা দিয়ে দিল জামশেদপুর। এর আগে একই কাজ করেছিল মোহনবাগানও! কাজেই, ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকায় 21 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং জামশেদপুর তিন দলই পরপর দাঁড়িয়ে।

বাগানের তুলনায় এগিয়ে ইস্টবেঙ্গল

এবছর ইন্ডিয়ান সুপার লিগে আজ পর্যন্ত 10টি করে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তবে জামশেদপুর 12টি ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যেই। এক্ষেত্রে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যের নিরিখে মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে ইস্টবেঙ্গল। তাই তো সমান পয়েন্টে থেকে সমসংখ্যক ম্যাচ খেলেও পয়েন্ট তালিকায় বাগানকে ছাপিয়েছে লাল হলুদ। এমতাবস্থায়, লাল হলুদকে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে হবে।

বলাই বাহুল্য, প্রথমে মোহনবাগান এবং গোয়ার লড়াই 1-1 ড্র হলে বেঙ্গালুরু ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন ফুটবল সমর্থকরা। এক্ষেত্রে জামশেদপুর যদি বেঙ্গালুরুকে হারিয়ে দিতে পারতো তবে পয়েন্ট তালিকার চেহারা বদলে যেতো সে কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটা হয়নি। বরং বেঙ্গালুরু জামশেদপুরকে 1-0 গলে হারিয়ে ক্ষমতা দেখিয়েছে। তাতে পয়েন্ট নষ্ট করে তিন নম্বরে পড়ে রইল জামশেদপুর।

অবশ্যই পড়ুন: UPI পেমেন্টই হল কাল! চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে নয়া মোড়, খেলা শেষ খুনিদের?

খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে দুই ময়দান প্রধানই

এই মুহূর্তে পয়েন্ট তালিকার যা অবস্থা তাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয়ের কাছেই সুযোগ রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ জেতার। আগামীকাল অর্থাৎ সোমবার ইস্টবেঙ্গল মুখোমুখি হবে পাঞ্জাবের। তারপরই ISL এ দেখা যাবে বহু অপেক্ষিত ডার্বি। অনেকেই মনে করছেন, এই ম্যাচই এবারের ইন্ডিয়ান সুপার লিগের ভাগ্য কিছুটা হলেও নির্ধারণ করে দেবে। যদিও তার আগে সোমবার বড় ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে। সব মিলিয়ে বলাই যায়, এ বছরের ইন্ডিয়ান সুপার লিগে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই ময়দান প্রধানের মধ্যে।