বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার, মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে চালু থাকা সামাজিক প্রকল্পগুলির একটিও বন্ধ হচ্ছে না। এদিন মুখ্যমন্ত্রীকে বিশেষ করে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক বন্ধুরা। আর তার উত্তরেই, নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসন থেকেই জয়ী শুভেন্দু অধিকারী একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, চালু থাকা প্রকল্প বন্ধ হবে না। তবে এমন কিছু ব্যক্তি রয়েছেন যাঁরা এই প্রকল্পের সুযোগ পাবেন না!
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী যা জানালেন
এদিন, ক্যাবিনেটের প্রথম বৈঠকের পরই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেখানে দাঁড়িয়ে বাংলায় কার্যকর হতে যাওয়া একাধিক প্রকল্প এবং বিষয়গুলি নিয়ে আলোচনা করার পাশাপাশি বঙ্গে চালু থাকা সামাজিক প্রকল্প নিয়েও মুখ খোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলায় চালু থাকা কোনও সামাজিক প্রকল্প এই সরকার বন্ধ করছে না।” মুখ্যমন্ত্রী এও জানালেন, যে প্রকল্পটা আজ থেকে 30 বছর আগে চালু হয়েছে বা 10 বছর আগে চালু হয়েছে সেটাও বন্ধ হবে না।
শুভেন্দু অধিকারীর দাবি, ‘প্রত্যেকটি পোর্টাল আপডেট করা হবে। নরেন্দ্র মোদি সরকারের চালু করার ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন প্রত্যেকেই। সবটাই স্বচ্ছতার সাথে হবে।” এদিন মুখ্যমন্ত্রীকে স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যে প্রকল্পটার কথা বলা হচ্ছে সেটা আমাদের সরকার বন্ধ করছে না। তবে মৃত ব্যক্তিদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়।” মৃত ব্যক্তির কার্ড থাকলে তা কার্যকর হবে না। একই সাথে মুখ্যমন্ত্রী এও বললেন, যাঁরা অভারতীয় অর্থাৎ ভারতবর্ষের নাগরিক নন, সেই সমস্ত ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না।
অবশ্যই পড়ুন: আজ থেকে বাংলায় চালু আয়ুষ্মান ভারত যোজনা, কীভাবে আবেদন করবেন জানুন
উল্লেখ্য, 25 বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নিয়েছিলেন আরও 5 মন্ত্রী। সোমবার ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর সাথে দেখা গেল তাঁদেরও।










