সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হল ২০২৬ এর নিট পরীক্ষা (NEET 2026 Exam Cancelled)। ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা করল এনটিএ। হ্যাঁ, গত ৩ মে দেশজুড়ে আয়োজিত হওয়া ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বাতিল করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তদন্তকারী সংস্থাগুলির দেওয়া রিপোর্ট আর প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ার পরেই কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর খুব শীঘ্রই নতুন করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে এনটিএ-র তরফ থেকে জানানো হয়েছে।
বাতিল হয়ে গেল নিট ২০২৬ পরীক্ষা
এনটিএ তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের দেওয়া তথ্য খতিয়ে দেখা যাচ্ছে, বর্তমান অবস্থায় এই পরীক্ষার ফলাফলকে কোনও ভাবেই বৈধ বলা সম্ভব নয়। পরীক্ষার স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্যই বাতিলের সিদ্ধান্ত। কারণ, রাজস্থান সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পরেই এ নিয়ে জলঘোলা সৃষ্টি হয়েছিল।
এদিকে নিট পরীক্ষার এই কেলেঙ্কারির শিকড় যে কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখতে কেন্দ্র সরকার গোটা বিষয়টি সিবিআই-র হাতে তদন্তের জন্য তুলে দিয়েছে। এনটিএ জানিয়েছে, তারা সিবিআইকে সমস্ত ধরনের নথি এবং তথ্য দিয়ে সহযোগিতা করবে। যাতে দোষীদের খুব দ্রুত চিহ্নিত করা যায়।
তবে পরীক্ষা বাতিল হওয়ার কারণে লক্ষ লক্ষ ডাক্তারি পড়ুয়া সমস্যার মুখে পড়লেও তাঁদের সুবিধার্থে এনটিএ এবার বিশেষ ঘোষণা করেছে। জানানো হয়েছে, নতুন দিনক্ষণ খুব দ্রুত অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। আর পুনরায় পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষার্থীদের নতুন করে এডমিট কার্ডও দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষার্থীদের নতুন করে কোনও রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে না, এবং অতিরিক্ত ফি লাগবে না। আগের রেজিস্ট্রেশন তথ্য দিয়ে পরীক্ষায় বসা যাবে।
আরও পড়ুন: প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল ২০২৬-র NEET পরীক্ষা, ফের মূল্যায়নের ঘোষণা
এনটিএ বিবৃতিতে স্পষ্ট বলেছে, পুনরায় পরীক্ষা নেওয়া পরীক্ষার্থী এবং তাদের পরিবারের জন্য যথেষ্ট অসুবিধাজনক। কিন্তু যদি এই ত্রুটিপূর্ণ পরীক্ষা বাতিল না করা হতো, তাহলে দেশের পরীক্ষা ব্যবস্থার উপরে সাধারণ মানুষের যে বিশ্বাস রয়েছে তা উঠে যেত। আর এতে পড়ুয়াদের অভূতপূর্ব ক্ষতি হতো।










