স্কুল, কলেজ থেকে অফিস সব বন্ধ! ছুটি ঘোষণা রাজ্য সরকারের, কবে?

Published:

Falta Re-election

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে আগামী ২১ মে অর্থাৎ বৃহস্পতিবার ১৪৪ ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত পোলিং স্টেশনে পুনরায় ভোটগ্রহণ হবে (Falta Re-election)। কারণ, এই বিধানসভা কেন্দ্রে গত ২৯ এপ্রিল ভোটগ্রহণের সময় কারচুপি লক্ষ্য করা যায়। অভিযোগ জমা পড়তেই পুননির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে সেই উপলক্ষে এদিন সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার (Government of West Bengal)।

কোন কোন জায়গায় এই ছুটি কার্যকর?

নবান্নের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১ এর আওতায় আগামী ২১ মে ফলতা বিধানসভা এলাকার অন্তর্গত সমস্ত সরকারি অফিস এবং প্রতিষ্ঠান, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা ও বোর্ড, সরকারি উদ্যোগ বা সংঘবদ্ধ সংস্থা এবং স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে।

এদিকে শ্রম দফতরের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, ওই এলাকার সমস্ত দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় কর্মরত কর্মীদের জন্য ২১ মে বেতনভোগী ছুটি গণ্য করতে হবে। কোনও কর্মীর বেতন ওই দিন কাটা যাবে না। আর যদি কোনও ব্যক্তি ফলতা বিধানসভা এলাকার স্থায়ী বাসিন্দা হন এবং নিবন্ধিত ভোটার হয়ে থাকেন, কিন্তু কর্মস্থল ওই এলাকার বাইরে, তাহলে তিনি ওই দিন ভোট দেওয়ার জন্য পেইড হলি পাওয়ার অধিকারী। অর্থাৎ ছুটি নিলেও বেতন কাটা যাবে না। আর এই নিয়ম ক্যাজুয়াল বা অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

আরও পড়ুন: মমতার ডাকা সাংসদদের বৈঠকে অনুপস্থিত দেব, কোয়েল, বাবুলরা! দলে ভাঙন?

পাশাপাশি ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য রাজ্য সরকার এবার বিশেষ কিছু ব্যবস্থাও গ্রহণ করেছে। আগামী ২০ মে অর্থাৎ বুধবার যে সমস্ত স্কুল বা সরকারি ভবনকে পোলিং স্টেশন হিসেবে ব্যবহার করা হবে, সেখানে স্থানীয় ছুটি ঘোষণা করা হতে পারে। আর ২২ মে অর্থাৎ শুক্রবার ভোটের কাজ সেরে ফিরতে যদি রাত হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট ভোট কর্মীরা বিশেষ ছুটির জন্য আবেদন করতে পারবে।