বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই মঞ্চে দাঁড়িয়ে একেবারে উচ্চ স্বরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেছিলেন, সরকার গঠনের পর আর জি কর থেকে সন্দেশখালি, সমস্ত ফাইল খোলা হবে। যেমন কথা, কেমন কাজ। গত 9 মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। গঠিত হয়েছে বিজেপি সরকার। আর তারপরই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার আর জি কর কান্ডের ফাইল খুলেই তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনও মন্ত্রী, কাদের নির্দেশে সেই সময় সাসপেন্ডেড অফিসাররা কাজ করেছিলেন তা খতিয়ে দেখা হবে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, এবার তদন্তের আওতায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও!
আর জি কর ইস্যূতে এবার কি তাহলে মমতার বিরুদ্ধে শুরু হবে তদন্ত?
এদিন, তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানান, সেই সময় মুখ্যমন্ত্রী নাকি অন্য কোনও মন্ত্রীর নির্দেশে এই অফিসাররা কাজ করেছিলেন, সমস্ত বিষয়টাই তদন্তের আওতায় এনে খতিয়ে দেখা হবে। শুভেন্দুর বক্তব্য, “ওই আইপিএস অফিসারদের ফোন কল এমনকি Whatsapp চ্যাট সব বের করা হবে। খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী বা অন্য কোনও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কথায় তাঁরা সাংবাদিক বৈঠক করেছিলেন কিনা। তবে প্রথমে পরিস্থিতি নিয়ে ভুল তথ্য দেওয়া এবং নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগের তদন্ত হবে।” এক কথায়, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত চালাবে সরকার!
শুক্রবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর স্পষ্ট ভাষণ, “অভয়া কাণ্ডে বিভিন্ন মাধ্যমে আমাদের কানে খবর এসেছিল। জানতে পারি দুই পুলিশ অফিসার নির্যাতিতার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন। বলা হয়েছিল রাজ্য সরকারের তরফে তাদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাব কারা দিয়েছিল, কেন দিয়েছিল, আদৌ রাজ্য সরকারের কথায় এই প্রস্তাব দেওয়া হয়েছিল নাকি অন্য কিছু এর পেছনে লুকিয়ে আছে সবটাই খতিয়ে দেখা হবে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ সেইসব অফিসারদের সাসপেন্ড করে তারপরেই তদন্ত শুরু হবে। না হলে তদন্তে স্বচ্ছতা থাকবে না।” এমন বক্তব্যের পরই কলকাতা পুলিশের তৎকালীন 3 আইপিএস অফিসার বিনিত গোয়েন, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী।
অবশ্যই পড়ুন: জনগণের সমস্যার সমাধানে নতুন উদ্যোগ, সরাসরি জনতার সাথে দেখা করবেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, ভোটের আগে বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকার গড়লে অভয়া কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে। একই প্রতিশ্রুতি শোনা গিয়েছিল, শুভেন্দু অধিকারীর গলাতেও। এখানেই শেষ নয়, নিজের মেয়ের বিচার পেতে বিজেপির টিকিটে পানিহাটি থেকে লড়েছিলেন অভয়ার মা রত্না দেবী। এবার কি তাহলে শেষমেষ বিচার পাবে অভয়া? উত্তর মিলবে শীঘ্রই।










